আজ মেসিডোনিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাইছে মেসিডোনিয়া। ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত দেশগুলোর মধ্যে মেসিডোনিয়াই প্রথম ইউরোপীয় দেশ যারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে নিজে থেকে আগ্রহ দেখিয়েছে। তবে, এ বাণিজ্য চুক্তি কী মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) না অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, (পিটিএ) তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ।
দেড় বছর আগে পাওয়া মেসিডোনিয়ার প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করেছে সরকার। বাংলাদেশ ট্যারিফ কমিশন সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় সভায় এ নিয়ে আলোচনা হবে।
বলকান অঞ্চলের দেশ মেসিডোনিয়ার কোনো দূতাবাস বাংলাদেশে নেই, বাংলাদেশেরও দূতাবাস নেই মেসিডোনিয়াতে। ভারতের নয়াদিল্লিতে মেসিডোনিয়ার দূতাবাস দিয়ে বর্তমানে উভয় দেশের কাজ চলে। ১৯৯১ সালের নভেম্বরে সাবেক যুগোস্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।
বাংলাদেশ ২০০৮ সালে মেসিডোনিয়ায় ২০ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রপ্তানি করে, যা ২০১২ সালে ৩৭ লাখ ৮০ হাজার ডলারে উন্নীত হয়। বাংলাদেশের রপ্তানি প্রধানত তৈরি পোশাক। অন্যদিকে, ২০০৮ সালে বাংলাদেশ কোনো পণ্য আমদানি না করলেও ২০১২ সালে মেসিডোনিয়া থেকে আমদানি করে ছয় হাজার ডলারের পণ্য।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মেসিডোনিয়ার সঙ্গে এফটিএতে বাংলাদেশের তেমন কোনো লাভ হবে না বলে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। তবে পিটিএ করা যেতে পারে।
ইইউবহির্ভূত ইউরোপের অন্য দেশগুলোয় বেশি পণ্য রপ্তানিতে মেসিডোনিয়াকে কৌশলগত দেশ হিসেবে দেখছে বাংলাদেশ।
যোগাযোগ করা হলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইউরোপের দেশ হিসেবে মেসিডোনিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গেই দেখছি।’ ইউরোপের একটি দেশের সঙ্গে চুক্তি হলে অন্য দেশগুলোও এগিয়ে আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।