আজ রাস্তায় ব্যবসায়ীদের সাদা পতাকার প্রতিবাদ
শিল্প ও বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদ এবং শান্তির দাবিতে সারা দেশের ব্যবসায়ীরা আজ রোববার সাদা পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘প্রতিবাদ বন্ধন কর্মসূচি’।
আজ বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন ব্যবসায়ীরা। সারা দেশের সব ব্যবসায়ী চেম্বার ও সমিতির নেতারা নিজ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবেন। আর মতিঝিলে ফেডারেশন ভবনের সামনেও এ কর্মসূচি পালিত হবে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। দেশের চলমান সহিংস রাজনীতি এবং হরতাল-অবরোধের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচির ঘোষণা করেছে এফবিসিসিআই।
১১ ডিসেম্বর এফবিসিসিআই সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেয়। আর ৩ ডিসেম্বর সংগঠনটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ দেশের সর্বস্তরের ব্যবসায়ীদের সাদা পতাকার এ প্রতিবাদ বন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।