আজ শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১২ (ডিআইটিএফ) আজ রোববার শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার আয়োজন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়। এটি হচ্ছে ডিআইটিএফের ১৭তম আসর।১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো: চীন, ভারত, ইরান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। এবারের মেলায় প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, সাধারণ স্টল, রেস্টুরেন্ট, একটি বিনোদন পার্কসহ ৫০৬টি স্টল থাকবে। এসব স্টলে বিভিন্ন ধরনের সরঞ্জাম, কার্পেট, কসমেটিকস, সৌন্দর্যবর্ধক সামগ্রী, ইলেকট্রনিক পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য ও পাদুকা, খেলার সামগ্রী, খেলনা, স্টেশনারি, জুয়েলারি, সিরামিকস পণ্য, আসবাবপত্র, হস্তজাতসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হবে।বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে মেলায় ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ প্যাভিলিয়ন রাখা হয়েছে।এবারের মেলায় বয়স্কদের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা প্রবেশমূল্য ধরা হয়েছে।আয়োজকেরা আশা করছেন, এই মেলা পণ্যের প্রস্তুতকারক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাবে। এর ফলে নতুন নতুন পণ্য তৈরিতে উদ্যোক্তারা আগ্রহী হবেন। তা ছাড়া মেলায় অংশ নেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের বাজার সম্পর্কে ধারণা নিতে পারবে।মেলা প্রাঙ্গণে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘আমরা আশা করছি, এবারের মেলায় প্রতিদিন এক লাখের বেশি দর্শনার্থী হবে এবং তাৎক্ষণিক কার্যাদেশের পরিমাণও বেশি হবে।’২০১১ সালে অনুষ্ঠিত বাণিজ্যমেলায় ২৫ কোটি টাকার তাৎক্ষণিক কার্যাদেশ পাওয়া গিয়েছিল। ২০১০ সালে এর পরিমাণ ছিল ২২ কোটি ৮৬ লাখ টাকা।বাণিজ্যমন্ত্রী জানান, মেলায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ৮০টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাণিজ্য মেলা আয়োজনের জন্য ঢাকার পূর্বাচলে একটি স্থায়ী ভেন্যু বা জায়গা তৈরির কাজ চলছে। রাজউকের সঙ্গে আলোচনা করে পূর্বাচলে ২০ একর জায়গা চিহ্নিত করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাণিজ্যসচিব গোলাম হোসেন।ডিএমপির বিজ্ঞপ্তি: গতকাল এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, মেলা চলাকালে সরকারি ছুটির দিনে খামারবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত রিকশা, ভ্যান, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র-শনিবারসহ ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলায় ঢোকা যাবে না। তাদের আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করতে হবে।ডিএমপি জানায়, মেলায় নির্দিষ্ট ফি দিয়ে গাড়ি পার্কিং করা যাবে। নিজস্ব গাড়ি নিয়ে আসা ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে পার্কিং করতে হবে। আর ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সামনে নির্ধারিত স্থানে মোটরসাইকেল রাখতে হবে।মেলায় আসা-যাওয়ার ক্ষেত্রে ট্রাফিক-ব্যবস্থা সম্পর্কে যেকোনো বিষয়ে জানতে মেলা প্রাঙ্গণে অবস্থিত ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে ০১৭৪৫২৯২৩৯২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।