আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এ উপলক্ষে আজ বিকেলে মেলা প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে মেলার আয়োজক কমিটি। জানা যায়, প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে গতকাল সোমবারও বিপুলসংখ্যক দর্শনার্থী মেলায় এসেছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের ছাড়ের সুবিধা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেছে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। রাজধানীর শেরেবাংলা নগরে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে ১৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে। মেলায় প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, সাধারণ স্টল, রেস্টুরেন্ট ও একটি বিনোদন পার্কসহ ৫০৬টি স্টল আছে।১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো হলো চীন, ভারত, ইরান, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। মেলার আয়োজক কমিটি জানায়, আজ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।