আজ শেষ হচ্ছে পিকেএসএফের উন্নয়ন মেলা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২০ বছর পূর্তি উপলক্ষে ‘২০ বছর পূর্তি ও উন্নয়ন মেলা’। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই মেলার আজ মঙ্গলবার শেষ দিন। এই কয় দিনে মেলা বেশ জমে উঠেছে। অংশ নিয়েছে ১৩০টি প্রতিষ্ঠান। বিভিন্ন রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্ষুদ্র ঋণ নিয়ে ব্যবসা শুরু করা উদ্যোগীরা তাঁদের উৎপাদিত নানান রকম পণ্য দিয়ে স্টল সাজিয়েছেন। তাঁতের শাড়ি, ফতুয়া, কামিজ থেকে শুরু করে ঘর সাজানোর নানা অনুষঙ্গও রয়েছে। এর সঙ্গে আছে বিভিন্ন ধরনের কারুপণ্যের সমাহার। মেলার ‘আদি’ নামের স্টলটি নজর কাড়ার মতো। প্রথম দেখায় মনে হবে, ভুল করে কোনো বাঁশঝাড়ের জঙ্গলে এসে পড়লেন কি না। কেননা, স্টলের ভেতরেই গজিয়েছে ডালপালা। বিভিন্ন গাছের ডাল, শেকড় ও ফেলনা জিনিস দিয়ে শিল্পী সমীরণ দত্ত তাঁর স্টল সাজিয়েছেন। বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে গিয়ে সমীরণ আশ্রয় নিয়েছেন শিল্পের। প্রকৃতি থেকে সংগ্রহ করা নানান অপ্রচলিত উপকরণ ব্যবহার করেছেন তিনি। ফেলে দেওয়া নারকেলের মালা, শেকড় ও কাঠ দিয়ে তিনি তৈরি করেছেন ফুলদানি, মোবাইল রাখার জন্য পাত্র, মোমবাতির স্ট্যান্ড, কলমদানিসহ ড্রেসিং টেবিলও। সবচেয়ে বেশি যে জিনিসটি নজর কাড়বে সেটি হচ্ছে ‘বিভা ইকো টাইলস’। এ ছাড়া ‘আরব’-এর স্টলে পাওয়া যাবে বাঁশের তৈরি বিভিন্ন আসবাব ও শৌখিনসামগ্রী। কারুপল্লিতে রয়েছে বয়ন ও বুনন শিল্পপণ্য। আদিবাসীদেরও বস্ত্র আছে এখানে। খাঁটি মধু চাইলে পাওয়া যাবে সাতক্ষীরা উন্নয়ন সংস্থার স্টলটিতে। টিএনএসএফের স্টলে কাপড়ের পাশাপাশি রয়েছে শিশুদের নানান খেলনা। এ ছাড়া উদ্দীপনের স্টলটিতে হাতে তৈরি, বিশেষ করে মাটির জিনিসপত্র পাওয়া যাবে।পিকেএসএফের মেলা আজ মঙ্গলবার শেষ দিনে খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।