পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩৮টি কোম্পানির শেয়ারের আজ বৃহস্পতিবার কোনো লেনদেন হবে না। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশ অনুযায়ী ১০০ টাকা ও এক টাকা অভিহিত মূল্যের (ফেসভেলু) শেয়ার ১০ টাকায় রূপান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে অভিন্ন রেকর্ড ডেটের (শেয়ারের মালিকানা নির্ধারণের দিন) জন্য লেনদেন থাকবে। এর আগে গতকাল বুধবার পর্যন্ত কোম্পানিগুলোর শেয়ার নগদ বাজার বা স্পট মার্কেটে লেনদেন হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার থেকে কোম্পানিগুলোর শেয়ারের আবার স্বাভাবিক লেনদেন শুরু হবে।গত ২৩ আগস্ট এসইসি পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্যে সমতা আনতে অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এ জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভাসহ (ইজিএম) প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে প্রায় তিন মাস সময় দেওয়া হয়, যাতে নির্ধারিত দিন একযোগে সব কোম্পানির শেয়ার পরিবর্তিত অভিহিত মূল্যে লেনদেন হতে পারে। এ সময় বলা হয়, কোনো কোম্পানি নির্ধারিত দিন শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনে ব্যর্থ হলে সেই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।