মোদি-হাওয়ায় চাঙা ভারতের শেয়ারবাজার

বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে—এমন খবরে ভারতের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। গত দুই দিনের মতো আজ মঙ্গলবারও রেকর্ড পরিমাণ সূচক বেড়েছে।
ভারতের লোকসভা নির্বাচনে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনের আগের সব জনমত জরিপের আভাসকেও ছাড়িয়ে গেছে বুথ-ফেরত জনমত জরিপের (এক্সিট পোল) পূর্বাভাস। বেশির ভাগ বুথ-ফেরত জনমত জরিপে আভাস পাওয়া যায়, বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এককভাবে সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় ২৭২ আসন পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে এনডিএর বিজয়ের খবরের প্রভাব পড়েছে দেশটির শেয়ারবাজারেও।
আজ দিনের শুরুতে বিএসই সেনসেক্স সূচক গতকালের চেয়ে ৩৭০ পয়েন্ট বেড়ে যায়। একপর্যায়ে ৫০০ পয়েন্ট বেড়ে মনস্তাত্ত্বিক ২৪,০০০ পয়েন্ট অতিক্রম করে সেনসেক্স। এ নিয়ে টানা তিন দিন রেকর্ড সূচক বাড়ছে দেশটির শেয়ারবাজারে। সেনসেক্সের পাশাপাশি নিফটিও ১৬০ পয়েন্ট বেড়ে ৭,১০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। গত তিন দিনে সেনসেক্স সূচক ১,৫০০ পয়েন্টের বেশি বেড়েছে।
এনডিটিভির খবরে জানানো হয়, ছয়টি বুথ-ফেরত জনমত জরিপের ফলাফল অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৪৯-৩৪০টি আসন পেতে পারে। এককভাবে সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ২৭২ আসন। এমনকি বিজেপি একাই ২১০-২২০ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জরিপে বলা হচ্ছে। আর নির্বাচনে জয়ী হলে বিজেপি সরকার বিনিয়োগবান্ধব হবে এমনটিই আশা করছেন সংশ্লিষ্টরা।
লন্ডনের লমবার্ড ওডিয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজার্সের গ্লোবাল ফিক্সড ইনকাম স্ট্র্যাটেজিস্ট সালমান আহমেদ বলেন, ‘বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে। বাস্তবে এটা হলে, কাঠামোগত দিক দিয়ে দুটি বিষয়ে পরিবর্তন আসবে। এর মধ্যে একটি হলো বিনিয়োগবান্ধব সরকার এবং আরেকটি অবকাঠামোর দিকে নজর।’
তবে এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, অতীতে বুথ-ফেরত জনমত জরিপের ফল ভুল প্রমাণিত হয়েছে। এ ক্ষেত্রে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হলে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা।
স্থানীয় সময় বেলা সোয়া তিনটায় বিএসই সেনসেক্স সূচক ১ দশমিক ৩৩ শতাংশ বা ৩১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩,৮৬৪ পয়েন্টে। একই সময়ে বিএসই ১০০ সূচক বেড়েছে ১০৮ পয়েন্ট, বিএসই মিড ক্যাপ ১১০ পয়েন্ট, বিএসই স্মল ক্যাপ ১৩১ পয়েন্ট ও বিএসই ২০০ বেড়েছে ৪২ পয়েন্ট।