ঢাকা স্টক এক্সচেঞ্জ
আজও কাশেম সিল্কের শেয়ার লেনদেন স্থগিত, ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন পুনরায় শুরু
কাশেম সিল্ক মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন দ্বিতীয় দিনের মতো স্থগিত করেছে। অন্যদিকে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ আবার শুরু হয়েছে।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসই কর্তৃপক্ষ কাশেম সিল্ক মিলস লিমিটেডের শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একটি কারণ দর্শানো নোটিশ ইস্যু করে। কিন্তু প্রতিষ্ঠানটি সেই কারণ দর্শানো নোটিশের উত্তর দিতে দেরি করায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়, যা আজও বলবৎ রাখা হয়েছে।একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দিয়েছে ডিএসই।এদিকে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন গত এক সপ্তাহ স্থগিত থাকার পর আজ দুপুর ১২টা থেকে পুনরায় শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের তদন্ত শেষে আজ এ আদেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় (এসইসি) পাঠানো হয়েছে।