আজও নর্দার্ন জুটের লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক দাম বাড়ার কারণে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারের লেনদেন বন্ধ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার লেনদেনের কিছুক্ষণের মধ্যে ডিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। এর আগে গত রোববারও নর্দার্ন জুটের লেনদেন বন্ধ করেছিল ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আজ বাকি সময়ের জন্য নর্দার্ন জুটের লেনদেন বন্ধ করা হয়।’

ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩ দশমিক ৭০ টাকা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে যায়। এদিকে সামপ্রতিক সময়ে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। গত ১২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১৬ দশমিক ১০ টাকা। আজ সর্বশেষ দাম দাঁড়িয়েছে ৪০.৯০ টাকা। সামপ্রতিক দাম বাড়ার এই বিষয়টি ডিএসইর নজরে আসায় গত রোববার লেনদেন বন্ধ করা হয়। এর পরও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় আজ আবারও লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয় ডিএসই।