আজও পুঁজিবাজারে বড় দরপতন
আবারও দরপতনের ধারা লক্ষ করা যাচ্ছে দেশের পুঁজিবাজারে। গতকাল দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কিছুটা বাড়লেও আজ দুই স্টক এক্সচেঞ্জেই দরপতন হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটিতে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচক। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে কম হয়েছে।বিনিয়োগকারীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি করছে।আবার বাজার সংশ্লিষ্ট অনেকের মতে, পুঁজিবাজারের কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও বিভিন্ন কারণে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় এবং বাজারের ওপর বিনিয়োগকারীদেরও আস্থা সংকটের কারণে অনেক বড় বিনিয়োগকারী বাজার থেকে দূরে রয়েছেন। এর ফলে লেনদেনও আশঙ্কাজনক হারে কমে গেছে। এ ক্ষেত্রে বাজারের স্থিতিশীলতা ফেরাতে সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তাঁরা।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেনের শুরুতে সূচক ৩৮ পয়েন্ট বেড়ে যায়। তবে সূচক বাড়ার হার বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিটের মাথায় আবার সূচক নিম্নমুখী হতে থাকে। বেলা ১১টা ২০ মিনিটে সূচক ৪১ পয়েন্ট নেমে যায়। এরপর বেশ কয়েকবার ওঠানামার পর দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৮.৯৩ পয়েন্ট কমে ৫৫১৯.৮৭ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২৮টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৩৮২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৪ কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ ১৭৬.৮০ পয়েন্ট কমে ১৫৫০৮ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।এদিকে ডিএসই কার্যালয়ের বিপরীত পাশের মধুমিতা ভবনে অবস্থিত এরিনা সিকিউরিটিজ থেকে এস এম সোহেল নামের এক বিনিয়োগকারী রাস্তায় চায়ের কাপ নিক্ষেপ করলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় বলে মতিঝিল থানার উপপরিদর্শক তাজুল ইসলাম জানান।