আজকালের মধ্যে উন্নতি সম্ভব না: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা প্রসঙ্গে বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আজকালের মধ্যে উন্নতি সম্ভব না। এ জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আমরা কারখানার কর্মপরিবেশের মানোন্নয়ন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেক উদ্যোগ নিয়েছি, যা ধাপে ধাপে বাস্তবায়িত হবে।’

রাজধানীর একটি হোটেলে ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৯৮০ সালে যাত্রা শুরু করে এখন বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এ জন্য আমাদের উদ্যোক্তাদের নিয়ে গর্বিত। তবে তাজরীনের অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে। অবশ্য উন্নত দেশেও দুর্ঘটনা ঘটে। তবে সামনে এগোনোর জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি।’

কারখানা পরিদর্শনের জন্য দেশি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার জন্য বিদেশি ক্রেতাদের প্রতি অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ দাবি করেন, রাজনীতি ও অর্থনীতি আলাদাভাবে চলতে দিলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

আসছে বাজেটে অগ্নিনিরাপত্তার সরঞ্জাম শুল্কমুক্ত সুবিধায় আমদানির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক রবিন মেসবাহ, অ্যার্কডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্রেড লয়েন প্রমুখ।