আজকালের মধ্যেই এসইসিতে প্রস্তাব পাঠাবে আইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি মেয়াদহীন বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে তহবিলটির বেশির ভাগ উদ্যোক্তা প্রতিষ্ঠান নিজ নিজ পরিচালনা পর্ষদে তহবিল জোগানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।বাকি দুই উদ্যোক্তা প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক ও জীবন বীমা করপোরেশনের কাছ থেকে তহবিল জোগানোর জন্য শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এ ছাড়া দু-এক দিনের মধ্যে তহবিল গঠন ও ট্রাস্ট চুক্তির অনুমোদন চেয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আবেদন পাঠানো হবে। এসইসির অনুমোদন পাওয়ার পরপরই তহবিলটি তার কার্যক্রম শুরু করবে।বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি মো. ফায়েকুজ্জামান প্রথম আলোকে এসব তথ্য জানান।ফায়েকুজ্জামান বলেন, মূল উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যে আইসিবির পরিচালনা পর্ষদ ফান্ডের ১০ শতাংশ, অর্থাৎ ৫০০ কোটি টাকার অনুমোদন করেছে। সহ-উদ্যোক্তা হিসেবে সোনালী ব্যাংক ২০০ কোটি, জনতা ব্যাংক ২০০ কোটি, রূপালী ব্যাংক ১০০ কোটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ১০০ কোটি এবং সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।এ ছাড়া অগ্রণী ব্যাংক ও জীবন বীমা করপোরেশন মিলে বাকি ৩০০ কোটি টাকা দেবে বলে মৌখিকভাবে নিশ্চিত করেছে।ফায়েকুজ্জামান জানান, তহবিলটির অনুমোদন নিয়ে গত বৃহস্পতিবার এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। উদ্যোক্তাদের অংশ চূড়ান্ত হলেই অনুমোদনের জন্য আবেদন করা হবে।ফায়েকুজ্জামান আরও বলেন, উদ্যোক্তা ও সহ-উদ্যোক্তাদের অংশ চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোক্তাদের ফান্ডটিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদেরও ফান্ডটিতে অংশ নিতে বলা হবে।বাংলাদেশ ফান্ড নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মন্তব্যের ব্যাপারে ফায়েকুজ্জামান বলেন, ‘আমরা এখানে নেতিবাচক কিছু দেখছি না। এটি একটি মিউচুয়াল ফান্ড। পুঁজিবাজার আইনে মিউচুয়াল ফান্ডের সব নিয়ম মেনেই ফান্ডটি আসছে।’উল্লেখ্য, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের নির্দেশে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেয়। কয়েক দফা আলোচনার পর ৬ মার্চ ‘বাংলাদেশ ফান্ড’ নামে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়।এই তহবিলের ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং বাকি ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়ানো হতে পারে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে তহবিলের আকার বাড়ানো যাবে।