আজীবন পরিচালক থাকতে চান ব্যাংকের উদ্যোক্তারা
ব্যাংক কোম্পানি আইনে টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকার কোনো সুযোগ নেই। ২০১৩ সালে আইনটির সংশোধনী কার্যকর হওয়ার পর শেষ হয়ে আসছে অধিকাংশ পরিচালকের দুই মেয়াদ। কিন্তু ব্যাংকের উদ্যোক্তা পরিচালকেরা এখন যত দিন ইচ্ছা তত দিন এই পদে থাকতে চাচ্ছেন। পাশাপাশি ব্যাংকের এক পরিবার থেকে দুইয়ের বেশি পরিচালক হওয়ার সুযোগ না থাকার বিধানেও পরিবর্তন চাইছেন ব্যাংক মালিকেরা।
ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এ জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। অর্থমন্ত্রীর কাছে দেওয়া এক আবেদনে এমন ১৩ ধরনের সুবিধা চেয়েছে তারা। এ নিয়ে অর্থমন্ত্রী, গভর্নর ও সরকারের উচ্চ পর্যায়ে একাধিকবার দেখাও করেছেন বিএবি নেতারা।
>আমরা এসব বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি
নজরুল ইসলাম মজুমদার,
চেয়ারম্যান, বিএবি
মালিকদের সব সময় পরিচালক থাকার প্রয়োজন নেই
খোন্দকার ইব্রাহিম খালেদ
সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক
বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী, বিষয়গুলোর সুরাহা হবে। গভর্নরের সঙ্গে দেখা করেও এসব বিষয় জানানো হয়েছে।’
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (সংশোধনী ২০১৩)-এর ১৫ কক ধারায় বলা হয়েছে, টানা দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকার সুযোগ নেই। এক মেয়াদের সময় তিন বছর। ২০১৩ সালের ২২ জুলাই আইনটি কার্যকর হয়েছে। আইন কার্যকর হওয়ার সময়কে এক মেয়াদ হিসেবে ধরা হয়েছে। ফলে ব্যাংকের বেশির ভাগ উদ্যোক্তা পরিচালকের মেয়াদ শেষ হয়ে আসছে।
বিএবি বলছে, এ আইন স্বতন্ত্র পরিচালক, মনোনীত পরিচালকদের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে। কিন্তু উদ্যোক্তা পরিচালকদের ক্ষেত্রে প্রয়োগ হলে তাঁরা সম্পদের অধিকার থেকে বঞ্চিত হবেন।
বর্তমান আইনে এক পরিবার থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দুইয়ের বেশি সদস্য পরিচালক থাকার সুযোগ নেই। পরিবার বলতে স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা, ভাই-বোন অথবা নির্ভরশীল যে কাউকে বোঝানো হয়েছে। বিএবি বলছে, পরিবারের মধ্যে সন্তান পৃথক ব্যবসা করছেন, আলাদাভাবে কর পরিশোধ করছেন। এরপরও পরিবারের সংজ্ঞার কারণে অনেক ক্ষেত্রে পরিচালক হতে পারছেন না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে বলেন, ব্যাংকে যে পরিচালন মূলধন আছে, তার মাত্র ১০ শতাংশ পরিচালকদের, বাকি অর্থ আমানতকারীদের। এ জন্য ১০ শতাংশ মূলধনের মালিকদের সব সময় পরিচালক থাকার প্রয়োজন নেই। আমানতকারীদের স্বার্থরক্ষায় এ ধরনের প্রস্তাবে সায় দেওয়া ঠিক হবে না। ভারতের আইনেও দুই মেয়াদের বেশি থাকার সুযোগ নেই।
ইব্রাহিম খালেদ আরও বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদ যেন পরিবারের মধ্যে সীমাবদ্ধ না হয়ে পড়ে, এ জন্যই আইনে দুজনের বেশি থাকার সুযোগ দেওয়া হয়নি। গ্রাহকদের স্বার্থেই আইনে এমনটি রাখা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আইনে পরিবর্তনের এ সুযোগ নেই।
ব্যাংকগুলোতে শেয়ারহোল্ডারদের ভোটে পরিচালক নির্বাচিত হলেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়ার বিধান করা হয়েছে। বিএবি বলছে, এর ফলে শেয়ারহোল্ডারদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ঋণ নীতিমালা অনুযায়ী, ব্যাংকের অশ্রেণিকৃত ঋণের ওপর বিনিয়োগের ধরনভেদে দশমিক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশ সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। বিএবি বলছে, অশ্রেণিকৃত ঋণ হিসেবে এটা ভালো মানের সম্পদ, এর বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের কোনো প্রয়োজন নেই। অশ্রেণিকৃত ঋণের ওপর সঞ্চিতি সংরক্ষণের বিধান তুলে নেওয়ার দাবি জানিয়েছে।
বিএবি বলছে, বিনিয়োগ সুযোগ দিন দিন কমছে, ফলে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত অর্থ বাড়ছে। আবার খেলাপি ঋণও প্রতিবছর বাড়ছে। ব্যাংকগুলোকে উদ্বৃত্ত অর্থ শেয়ারবাজার, বন্ড মার্কেট ও অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের বাইরে বিনিয়োগের সুযোগ দিলে ব্যাংকগুলোর মুনাফা বাড়বে।
বর্তমান আইনে ব্যাংকগুলোর মূলধনের ৩০ শতাংশের বেশি স্থায়ী সম্পদ কেনার সুযোগ নেই। বিএবি বলছে, স্থায়ী সম্পদ ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ায়। এ জন্য মূলধনের ৫০ শতাংশ পর্যন্ত স্থায়ী সম্পদ কেনার সুযোগ দেওয়া প্রয়োজন।
আইনে এক মাসে দুইয়ের অধিক পরিচালনা পর্ষদের সভার ক্ষেত্রে দুবারের বেশি সম্মানী গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিএবি এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি প্রধান কার্যালয়ের বাইরে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানেরও দাবি জানিয়েছে। বর্তমান আয়কর অধ্যাদেশে ব্যাংকের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ৫ শতাংশ কর আরোপ করার বিধান রয়েছে। বৈধ কারও কাছে শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে কর মওকুফ চেয়েছেন উদ্যোক্তারা।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর সংশোধনী ২০১৩ সালের ২২ জুলাই থেকে কার্যকর হয়েছে। এ আইনে শ্রমিক কল্যাণ তহবিল ও শ্রমিক অংশগ্রহণ তহবিল করার বিধান করা হয়েছে। বিএবি বলছে, ব্যাংকের কর্মীরা শ্রমিক নন, তাঁরা কোনো ধরনের উৎপাদন বা ব্যবসার সঙ্গেও যুক্ত নন। তাই ব্যাংকগুলোতে এ ধরনের তহবিলের প্রয়োজন নেই।
যোগাযোগ করা হলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংক উদ্যোক্তারা বেশ কিছু দাবি নিয়ে যোগাযোগ করছেন। তবে এখনই তথ্য দেওয়ার মতো কোনো অগ্রগতি হয়নি।