আঞ্চলিক উন্নয়নে গুরুত্ব দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আঞ্চলিক উন্নয়ন গুরুত্ব পাবে এবং জনগণের ওপর করের বোঝা কমবে—এমনটাই প্রত্যাশা বরিশালের বিভিন্ন পর্যায়ের নাগরিকদের। পাশাপাশি তাঁরা আশা করেন, এবারের বাজেট হবে জনমুখী ও শিল্পবান্ধব; এতে শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ বাড়বে।
বরিশালের নাগরিকদের অনেকেই প্রথম আলোর সঙ্গে আলাপকালে আঞ্চলিক বাজেট ঘোষণার দাবি জানান। তাঁরা পদ্মা সেতু ও পায়রা বন্দরের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দাবি করে বলেন, এর ফলে জাতীয় উন্নয়নে দক্ষিণাঞ্চলের অবদান বাড়বে। বিশেষ করে ব্যবসায়ী-উদ্যোক্তারা এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপনে সহায়ক পদক্ষেপ আশা করেন বাজেটে।
সাবেক যুগ্ম সচিব এম মোয়াজ্জেম হোসেন বলেন, বরিশাল সব দিক থেকে মর্যাদাহীন। সে জন্য বাজেটে বরিশালে রেললাইন স্থাপন ও কুয়াকাটা পর্যটনকেন্দ্রের উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে।
বরিশাল নগরের বাসিন্দা শুভংকর চক্রবর্তী আশা করেন, অর্থমন্ত্রী সাধারণ মানুষের ওপর থেকে করের বোঝা লাঘবে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এতে নতুন বাজেট দরিদ্রবান্ধব হয়ে উঠবে বলে তাঁর ধারণা।
শিশু সংগঠন খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, ‘দেশে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ দেখতে চাই। একই সঙ্গে শিশুদের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যেন থাকে বাজেটে।’
বরিশালে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প খাতে নারীদের এগিয়ে নিতে আগামী বাজেটে কার্যকর পদক্ষেপ আশা করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি নূরজাহান বেগম।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশালের সভাপতি বিশ্বনাথ দাস মুনশী শিক্ষার পাশাপাশি সংস্কৃতির উন্নয়নেও বিশেষ বরাদ্দ দাবি করেন। তিনি বলেন, কেবল থোক বরাদ্দ দিয়ে সংস্কৃতির বিকাশ ঘটানো সম্ভব নয়।