আঞ্চলিক উন্নয়নে বরাদ্দ দাবি
জাতীয় বাজেটে হাওরসহ আঞ্চলিক উন্নয়নে বিশেষ বরাদ্দ আশা করছেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে তাঁরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থবরাদ্দ এবং প্রবাসীদের রেমিট্যান্স বা প্রবাস-আয় প্রেরণে আকৃষ্ট করাতে পদক্ষেপ দাবি করেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, পিছিয়ে থাকা এই অঞ্চলের উত্তরণ ঘটাতে বিশেষ বরাদ্দ রাখা উচিত।
নগরের করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী হুমায়ূন চৌধুরী বলেন, সিলেটের অনেক মানুষ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ নানা দেশে থাকেন। তাঁদের চাহিদা অনুযায়ী স্থানীয় পণ্য সাতকরা, সিদল ইত্যাদি সহজে রপ্তানির সুযোগ দেওয়া প্রয়োজন।
কয়লা আমদানিকারক চৌধুরী শাহিন সিলেট সীমান্তে অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদারে বাজেটে কিছু দিকনির্দেশনা থাকা দরকার বলে মনে করেন।
বাজেটের বিকেন্দ্রীকরণ এবং তৃণমূলে সংস্কৃতির চর্চা ও বিকাশে অর্থ বরাদ্দের দাবি জানান সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।
নারী উদ্যোক্তা নাজমা পারভীন বাজেটে জেলা পর্যায়ের নারী উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও রপ্তানির সুবিধার্থে আর্থিক সহায়তা ও সরকারি পৃষ্ঠপোষকতা চান।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা সিলেটের সভাপতি কাসমির রেজা বলেন, সরকার হাওর উন্নয়নে আগে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সেটি বাস্তবায়নে এবারে অন্তত বরাদ্দ দেখতে চাই।