আঞ্চলিক কাঠামোর আওতায় অর্থনৈতিক সম্পৃক্ততার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুকূল ভৌগোলিক অবস্থান ব্যবহার করে দক্ষিণ এশিয়ার ট্রানজিট কেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও বাণিজ্যসুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্ভাব্য ব্যয় ও প্রাপ্তি বিশ্লেষণ করতে হবে। সর্বোপরি একটি আঞ্চলিক কাঠামোর আওতায় চুক্তির প্রচেষ্টা চালাতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ‘আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সম্ভাবনা ও প্রবৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) উপস্থাপনায় এসব সুপারিশ করা হয়েছে। আঞ্চলিক সহযোগিতায় বেসরকারি খাতের ভূমিকা নিয়ে এই উপস্থাপনাটি তুলে ধরেন এমসিসিআইয়ের নির্বাহী কমিটির সদস্য কামরান টি রহমান।সেমিনারে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী। রাজধানীর সোনারগাঁও হোটেলে এমসিসিআই ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপস্থাপনাগুলো: সেমিনারে আঞ্চলিক সহযোগিতা নিয়ে মোট পাঁচটি উপস্থাপনা তুলে ধরা হয়। এমসিসিআইয়ের পাশাপাশি এডিবির বিভিন্ন খাতের বিশেষজ্ঞ প্রিয়াংথা ডিসি ওয়াইজয়াতুঙ্গা, সোনা শ্রেষ্ঠা, কং মিন গুয়েন, ফ্লোরিয়ান এ এলবুরো এবং হিরো ইয়ামাগোচি উপস্থাপনাগুলো তুলে ধরেন। বাণিজ্যসুবিধাবিষয়ক উপস্থাপনায় বলা হয়, ২০০৮ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈশ্বিক বাণিজ্যের মাত্র ৪ দশমিক ৩১ শতাংশ নিজেদের মধ্যে করেছে যেখানে এই হার আসিয়ান অঞ্চলে ২৭ শতাংশ। আন্তদেশীয় বাণিজ্য নিয়ে উপস্থাপিত প্রবন্ধে বলা হয়েছে, এই বাণিজ্যে কিছু অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। যেমন: একটি দেশের দুটি অংশের মধ্যে আরেকটি দেশের ভৌগোলিক অবস্থান। ওই দুটি অংশের মধ্যে পরিবহন যোগাযোগ বেশ ব্যয়সাপেক্ষ। ভারত ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এমন একটি পরিস্থিতি তৈরি করেছে। এ ক্ষেত্রেও পরিবহনব্যয় কমাতে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাণিজ্য সহজ করা যেতে পারে।আলোচনা: দক্ষিণ এশিয়া অঞ্চলের পণ্য উৎপাদন কাঠামো ভিন্নতার কথা তুলে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের বাস্তবসম্মত আঞ্চলিক সহযোগিতার কথা ভাবতে হবে। আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বড় সমস্যা হলো এই অঞ্চলের পণ্য উৎপাদন কাঠামো ভালো নয়। আসিয়ানভুক্ত দেশগুলো নিজেদের মধ্য মধ্যবর্তী পণ্য আমদানি-রপ্তানি করে থাকে। আর সেই মধ্যবর্তী পণ্য দিয়ে প্রস্তুত পণ্য উন্নত দেশে রপ্তানি করে থাকে।’ এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অবশ্যই একটি আঞ্চলিক কাঠামোয় হওয়া উচিত। এর আওতায় প্রাকৃতিক সম্পদ, বাণিজ্যসুবিধা ও সুযোগগুলো সব দেশ ব্যবহারের সুযোগ পাওয়া উচিত। তাঁর মতে, রাজনৈতিক সদিচ্ছা ও নীতি-সহায়তা এই অঞ্চলের মধ্যে যোগাযোগ তথা ট্রানজিটব্যবস্থাকে কার্যকর করতে পারে। এই পর্বে আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ, মামুন রশিদ প্রমুখ।