আঞ্চলিক কাঠামোয় ট্রানজিটের পরামর্শ
শুধু ভারতকে মূল বিবেচনায় রেখে তাদের ট্রানজিট দেওয়ার বর্তমান প্রক্রিয়ার সমালোচনা করেছেন সাবেক দুজন রাষ্ট্রদূত। তাঁরা ট্রানজিটকে দ্বিপক্ষীয় বা উপ-আঞ্চলিক পরিসরে সীমিত না রেখে বৃহত্তর আঞ্চলিক পরিপ্রেক্ষিতে বিবেচনা করার তাগিদ দিয়েছেন।গতকাল ঢাকায় ট্রানজিটবিষয়ক এক কর্মশালায় তাঁরা এ তাগিদ দেন। কর্মশালায় বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও সাবেক আমলারা অবশ্য একমত হন যে ভারত, নেপাল ও ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট-সুবিধা দেওয়া হলে বাংলাদেশের অর্থনীতি লাভবান হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে ও কর্মসংস্থান হবে।তবে ট্রানজিট প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ যেন ট্রানজিট-সুবিধা গ্রহণকারীর মতো সমভাবে লাভবান হতে পারে, সে প্রক্রিয়া অনুসরণ করার তাগিদ দিয়েছেন তাঁরা। এ জন্য দর-কষাকষির দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) রাজধানীর একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। প্রক্রিয়া নিয়ে প্রশ্ন: ট্রানজিট প্রদানে চলমান প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নৌপথে ট্রানজিট-সুবিধা রয়েছে। কিন্তু কখনো কি এর লাভ-ক্ষতি বিশ্লেষণ হয়েছে?’তিনি প্রশ্ন রাখেন, ‘চিকেন নেক’ (শিলিগুড়ি করিডোর) দিয়ে প্রতিবছর ভারতের মূল ভূখণ্ড থেকে কী পরিমাণ পণ্য উত্তর-পূর্ব রাজ্যগুলোয় আনা-নেওয়া করা হয়, এমন কোনো সমীক্ষা কি বাংলাদেশে হয়েছে, যার ভিত্তিতে ট্রানজিট সুবিধা দিলে পণ্যের পরিবহন প্রাক্কলন করা যাবে?হুমায়ুন কবির বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শুধু ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য এত আয়োজন। কিন্তু ভারত ও চীন রেলপথে যোগাযোগ সৃষ্টি করছে। বাংলাদেশ কোথায় যাবে? চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ কি সেই পথে ট্রানজিট নিতে পারবে? ট্রানজিট প্রক্রিয়াটি শুধু ভারত কিংবা উপ-আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে না দেখে চীন ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক কাঠামোর দৃষ্টিভঙ্গিতে দেখার পরামর্শ দেন তিনি। হুমায়ুন কবির আরও বলেন, ‘ট্রানজিট হলো একটি কৌশলগত সম্পদ, সমঝোতার মাধ্যমে এর সর্বোচ্চ সুবিধা নিতে হবে।’ আরেক সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান বলেন, ‘প্রস্তাবিত পুরো ট্রানজিট প্রক্রিয়াটি সংশোধন করা উচিত। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ভালো থাকার কারণে আমরা তাদের অর্থনৈতিক করিডোর দিতে চাচ্ছি, এটি ট্রানজিট নয়। কেননা উত্তর-পূর্বাঞ্চলে পণ্য আনা-নেওয়ার জন্য একটি রুট থাকা সত্ত্বেও আমরা তাদের সংক্ষিপ্ত পথে যাওয়ার সুযোগ দিচ্ছি। আমরা ভুল পদ্ধতি অনুসরণ করছি।’তবে এসব বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘শুধু ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট সুবিধা দেওয়া হবে না, এটি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে। এ ছাড়া ট্রানজিট অবকাঠামো তৈরির ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ লাভসহ উঠে আসবে।’তিনি আরও জানান, কোর কমিটিকে প্রতিবেদন তৈরি জন্য মাত্র তিন মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ট্রানজিট ট্রাফিক, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের চিত্র তুলে আনা সম্ভব নয়। অর্থায়ন ও অন্যান্য: মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ট্রানজিট অবকাঠামো তৈরিতে ৭০০ কোটি ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে সুবিধাভোগকারী দেশগুলো কত টাকা দেবে তা-ও বিবেচনায় আনতে হবে। তিনি মনে করেন, কোনো দেশের ভৌগোলিক অবস্থা প্রকৃতিপ্রদত্ত। তাই প্রতিবেশী দেশের অযৌক্তিক কোনো সুবিধা চাওয়া উচিত নয়। বরং ভালো অর্থনীতি রাজনৈতিক সুসম্পর্ক তৈরি করে। বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি এতেরি কিনত্রাজে বলেন, টাকা থাকলেই ট্রানজিটের জন্য ভৌত অবকাঠামো তৈরি সম্ভব হবে। তাই ট্রানজিটের জন্য একটি নীতিগত কাঠামো দরকার, যার প্রতি প্রতিটি দেশই শ্রদ্ধাশীল থাকবে।হুমায়ুন কবির বলেন, ৭০০ কোটি ডলার বিনিয়োগের প্রাক্কলন করা হলেও এর উৎস কী হবে তা স্পষ্ট নয়। আর এই অর্থ এই খাতে বিনিয়োগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাস্তাঘাট, জ্বালানি খাতের অবকাঠামো তৈরির চেয়ে বেশি অগ্রাধিকার কি-না তাও স্পষ্ট করা দরকার।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী ট্রানজিট সুবিধা দেওয়ার চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন। এগুলো হলো, রাজনৈতিক অঙ্গীকার, পরিবহনব্যবস্থা, ভৌত অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব। পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেন মেট্রো চেম্বারের সভাপতি আমজাদ খান চৌধুরী। তিনি বলেন, ‘ট্রানজিট সুবিধা থেকে আর্থিকভাবে লাভবান হতে হবে, রাজনৈতিকভাবে নয়। আঞ্চলিক সম্পৃক্ততা বাড়লে পণ্যের বাজার বৃদ্ধি পাবে।’ ট্রানজিট নিয়ে আলোচনায় নেপাল, ভুটান ও ভারত থেকে জ্বালানি পাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেন আমজাদ খান চৌধুরী।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রধান সঞ্জয় কাঠুরিয়া, সাবেক অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী, সাবেক বাণিজ্যসচিব সোহেল আহমেদ চৌধুরী, পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ।মূল উপস্থাপনা: সাদিক আহমেদ তাঁর মূল উপস্থাপনায় বলেন, ট্রানজিটকে অনেকে কিছু সার্বভৌমত্ব হারিয়ে ভারতে বিশেষ সুবিধা দেওয়া হিসেবে দেখেন। কিন্তু ট্রানজিট হলো একটি অর্থনৈতিক বিষয়।সাদিক আহমেদ আরও বলেন, আন্তর্জাতিক আইনানুযায়ী, ট্রানজিট সুবিধা দিয়ে শুল্ক বা এই ধরনের কিছু আদায়ের সুযোগ নেই। তবে অবকাঠামো ব্যয় তুলে আনার জন্য ‘ব্যবহার মাশুল’ আরোপ করা যাবে। তাঁর উপস্থাপনায় বিশ্বব্যাংকের কৌশলগত সহযোগী ক্যাস্টলিয়ার সমীক্ষা (২০১০) তুলে ধরে দেখা দেখান যে বাংলাদেশে ট্রানজিট সুবিধা দিয়ে প্রতিটি ট্রিপের জন্য ৫৫ দশমিক ছয় ডলার মাশুল আরোপ করতে পারে। আর প্রতি ১০০ কিলোমিটারের জন্য ১১ দশমিক ২ ডলার মাশুল আরোপ করা যায়।