আঞ্চলিক বাণিজ্য বাড়াতে মংলা থেকে খুলনা পর্যন্ত রেলপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ঋণে রেলের দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে একটি হলো খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ স্থাপন। আরেকটি হলো মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন।
মূলত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে বিশেষ করে ট্রানজিট দিতেই এ প্রকল্প দুটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অনুমোদিত খুলনা-মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইসহ মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮০১ কোটি টাকা। এটি অবশ্য সংশোধিত প্রকল্প। ২০১০ সালের ডিসেম্বরে প্রকল্পটি যখন প্রথম অনুমোদিত হয়, তখন এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭২১ কোটি টাকা।
সংশোধিত এ প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, রেলপথের কাঠামোগত পরিবর্তনের ফলে রূপসা নদীতে প্রায় ৭১৭ মিটার দৈর্ঘ্যের একটি রেলসেতু নির্মিত হবে। সেই সঙ্গে রেলপথের দৈর্ঘ্য ১২ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া নতুন করে কিছু জমি অধিগ্রহণ করতে হবে। সব মিলিয়ে প্রকল্পটির আওতায় খুলনা থেকে মংলা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মিত হবে।
প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে ভারত সরকার ঋণ সহায়তা হিসেবে ২ হাজার ৩৭১ কোটি টাকা দেবে। বাকি ১ হাজার ৪৩০ কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। বাংলাদেশ রেলওয়ে ২০১৮ সালের জুন নাগাদ প্রকল্পটির কাজ শেষ করবে।
মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথটিকে পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য একনেকে ৬৭৮ কোটি টাকার সংশোধিত প্রকল্প অনুমোদন করা হয়। এটির মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ১২২ কোটি টাকা, বাকি ৫৫৬ কোটি টাকা বাংলাদেশকে ঋণ হিসেবে দেবে ভারত।
জানা গেছে, ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এ রেলপথটি ২০০২ সাল থেকে বন্ধ রয়েছে। পরিকল্পনা কমিশনের মতে, সাড়ে ৫১ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলপথটিকে আরও ৯ কিলোমিটার বাড়িয়ে ভারতীয় সীমান্তে দ্বৈত গেজে রূপান্তরিত করে চালু করলে বাংলাদেশ ভবিষ্যতে আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারবে। ফলে আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনশিল্পের প্রসার ঘটবে।
এ দুটিসহ গতকালের একনেক সভায় ৫ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ের নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ২ হাজার ২৭০ কোটি টাকা। প্রকল্প সাহায্য হিসেবে আসবে ৩ হাজার ৫৬৭ কোটি টাকা। বাকি ৩১ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে জোগান দেওয়া হবে। অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন ও তিনটি সংশোধিত।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৭৫ কোটি টাকায় সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাটে গুঁড়া দুগ্ধ কারখানা স্থাপন, ৬১ কোটি টাকায় বরিশাল সিটি করপোরেশন এলাকার অবকাঠামো উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন, ৫৬ কোটি টাকায় জামালপুর শহর বাইপাস সড়ক নির্মাণ, ৮৮ কোটি টাকায় কন্সট্রাকশন অব কোরস অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল অ্যাট সাভার ক্যান্টনমেন্ট, ২১৭ কোটি টাকায় হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপন, ৮৫৩ কোটি টাকার স্ট্রেনদেনিং ওমেন্স অ্যাবিলিটি ফর প্রডাকটিভ নিউ অপরচুনিটিজ এবং ৩৬ কোটি টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মানিকনগর এলাকায় মেঘনা নদীর বাঁ তীরে প্রতিরক্ষামূলক কাজ।