আঞ্চলিক বাণিজ্য বাধা দূর হলে বাংলাদেশ বেশি লাভবান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সব ধরনের বাধা দূর করা সম্ভব হলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে। এসব বাণিজ্য বাধা অপসারণ করা গেলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ১৭ শতাংশ বাড়বে।সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরারার এক নিবন্ধে এসব তথ্য দেওয়া হয়েছে। এটি ভারতের ইকোনমিক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছে।নিবন্ধে আরও বলা হয়, বাণিজ্য বাধা দূর হলে বাংলাদেশের মতো শ্রীলঙ্কার জিডিপিও একই হারে বাড়বে। আর ভারতের ১৫ শতাংশ ও পাকিস্তানের ৫ শতাংশ হারে বাড়বে। নিবন্ধে আন্তসীমান্ত বাণিজ্য সহজ করা, অভিন্ন জ্বালানি-ব্যবস্থা, তথ্যপ্রযুক্তিগত উন্নয়নসহ সব ধরনের বাণিজ্য বাধা দূর করার সুপারিশ করা হয়েছে। বলা হয়, এই আঞ্চলিক সম্পৃক্ততার সুবিধা নিতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলো। আন্তবাণিজ্য বৃদ্ধি, স্বল্প পরিবহন ব্যয়, বিশাল বাজার-সুবিধা, সীমান্ত দিয়ে পণ্যের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে পণ্যের উৎপাদন ব্যয় কমবে। এতে প্রতিবছর প্রায় এক কোটি (১০ মিলিয়ন) যুবক কর্মবাজারে প্রবেশ করবে।পারস্পরিক যোগাযোগ-ব্যবস্থার উন্নয়ন, আন্তসীমান্ত করিডর উন্নয়ন, জ্বালানি বাণিজ্য এই অঞ্চলের বিদ্যুৎ প্রাপ্যতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরি করবে বলে নিবন্ধক মতামত দিয়েছেন।নিবন্ধে বলা হয়েছে, সীমান্তে নানা ধরনের অশুল্ক বাধা এই অঞ্চলের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। শুধু আফগানিস্তান-পাকিস্তান এবং ভারত-নেপাল সীমান্তই অবাধে পণ্য নিয়ে ট্রাক অতিক্রম করতে পারে। তবে সীমান্ত অতিক্রমে এই অঞ্চলে কাগজপত্রের আনুষ্ঠানিকতার বাহুল্য দেখা যায়।নিবন্ধে বলা হয়, বাণিজ্য বাধাগুলো মোকাবিলা করতে গড়ে ৩০ দিন সময় লাগে। আর লাতিন আমেরিকার দেশগুলোর লাগে ২০ দিন। ওইসিডিভুক্ত দেশগুলোতে ১১ দিনেই একটি পণ্যের চালান সম্পন্ন করা সম্ভব হয়।পণ্যবাহী কনটেইনার চালানে ব্যয়ের দিক থেকে দক্ষিণ এশিয়ার বেশ সময় লাগে। দক্ষিণ এশিয়ায় পণ্য পরিবহনে লাতিন আমেরিকার তুলনায় প্রায় ২৫ শতাংশ এবং ওইসিডিভুক্ত দেশগুলোর তুলনায় ৫০ শতাংশ বেশি ব্যয় হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর রেলপথগুলোর নেটওয়ার্ক বেশির ভাগই নিজ নিজ দেশের মধ্যে বেশি সীমাবদ্ধ। তবে কিছু রেলপথ আন্তসীমান্ত অতিক্রম করেছে। রেলপথের ট্র্যাকের ভিন্নতার (ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ) কারণে এক দেশ থেকে অন্য দেশে রেল যোগাযোগ সম্ভব হচ্ছে না। উচ্চ কারিগরি ও নীতি সিদ্ধান্তের অভাবই আন্তসীমান্ত রেলপথ না হওয়ার অন্যতম কারণ বলে এতে বলা হয়েছে। জ্বালানি-সংকটের কারণে এই অঞ্চলের অর্থনীতিকে ব্যাপক মাশুল দিতে হচ্ছে উল্লেখ করে এতে বলা হয়, একটি সমন্বিত জ্বালানি-ব্যবস্থাই এই সমস্যার সমাধানে সহায়তা করতে পারে।আবার বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাদের কয়লা ও প্রাকৃতিক গ্যাস সম্পদ দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর জলবিদ্যুৎ-ব্যবস্থার সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। এতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সম্পদের উত্তম ব্যবহার হবে। অন্যদিকে এই অঞ্চলে টেলিযোগাযোগ-ব্যবস্থার উন্নয়নের তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে একটি ফোন কল করতে যে খরচ হয়, ভারতে একটি ফোন কল করতে একজন বাংলাদেশিকে তার দ্বিগুণ খরচ করতে হয়।নিবন্ধে আরও বলা হয়েছে, শুল্কায়ন-ব্যবস্থা সংস্থার ও আধুনিক পদ্ধতি উন্নয়নের মাধ্যমে ভারত ও পাকিস্তান সীমান্ত পণ্যের চালানের সময়ক্ষেপণ কমানোর চেষ্টা করছে। আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, এটা ঠিক যে এতে বাংলাদেশের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু পণ্য-বাণিজ্য নয়, সেবা-বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুফল পেতে পারে। আঞ্চলিক বাণিজ্যে রাজনৈতিক সদিচ্ছার উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক চাপ রাজনৈতিক সদিচ্ছার দিকে মোড় নেয়। এই প্রসঙ্গে তিনি ভারত-পাকিস্তানের বর্তমান বাণিজ্য সম্প্রসারণের উদাহরণ দেন। এও বলেন যে রাজনৈতিক সদিচ্ছার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এত সাফল্য এসেছে।