আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে অবকাঠামো উন্নয়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়াতে হলে সবার আগে অবকাঠামো খাতের উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি সীমান্ত যোগাযোগ, শুল্কায়ন ও ভিসা ব্যবস্থা সহজতর করতে হবে। এই অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জন্য বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো অপসারণ করতে হবে।রাজধানীতে গতকাল শনিবার শুরু হওয়া ১১তম বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) ফোরাম বৈঠকের উদ্বোধনসহ একাধিক কার্য অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। এবার দুই দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ সভার আয়োজন করেছে। এতে কানাডীয় দূতাবাস এবং জার্মানিভিত্তিক ফ্রেডরিশ এবার্ট স্টিফটাং (এফইএস) সহযোগিতা করেছে। এবারের বিসিআইএম ফোরামের মূল আকর্ষণ হলো: ভারতের কলকাতা থেকে শুরু হয়ে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ভূখণ্ড দিয়ে চীনের কুনমিং পর্যন্ত গাড়ি শোভাযাত্রা যাবে। এটি ‘কেটুকে’ গাড়ি শোভাযাত্রা নামে পরিচিত। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব শহীদুল হক, ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন, চীনের রাষ্ট্রদূত লি জুন, মিয়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্ট থান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। এতে চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর শেন পেইপিং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব শহীদুল হক। তিনি বলেন, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অব্যবহূত সম্পদ ব্যবহার করা যেতে পারে। পঙ্কজ সরন বলেন, সিল্ক রুটের মতো এই চারটি দেশ পুরোনো সেই পথের খোঁজে রয়েছে। তিনি জানান, ভারত ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশগুলোকে শুল্কমুক্ত বাজার-সুবিধা দিয়েছে। ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি সীমান্তে আন্তর্জাতিক মানদণ্ডে পণ্য আনা-নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আবার আগামী গ্রীষ্মে বিদ্যুৎ খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন গ্রিড যুক্ত হচ্ছে। মূল প্রবন্ধে বলা হয়, চীন, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি, পরিবহন ও পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে দরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার কার্যকর সিদ্ধান্ত, বাস্তবসম্মত ও অবিরাম উদ্যোগ। তিনি আরও বলেন, বিসিআইএম ফোরামকে সহযোগিতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হলে সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে আরেকটি কর্ম-অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহামঞ্চদ কাদের বলেন, এ অঞ্চলে ব্যবসার প্রসার ঘটাতে সুবিধা বৃদ্ধি ও প্রতিবন্ধকতা দূর করার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে চীন ও ভারতের বাণিজ্য বেড়েই চলেছে। ভারত ইতিমধ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার-সুবিধা প্রদান করেছে। মিয়ানমারের সঙ্গে বাণিজ্য উন্নয়নে যোগাযোগ ও ব্যাংকিং সমস্যা বড় বাধা হয়ে আছে। চীনের ইয়ান প্রদেশের বাণিজ্য বিভাগের উপপরিচালক জেনারেল মা ইয়ানফার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ও ব্যাংকার নূরুল হক মজুমদার।অন্যদিকে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও বেসরকারি খাতের সহযোগিতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সিপিডি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। নির্ধারিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী বদরুদ্দিন আহমেদ, ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ ছাড়া চীন, ভারত ও মিয়ানমারের তিনজন প্রতিনিধি বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সেমিনারে বক্তারা বলেন, ফোরামভুক্ত দেশগুলোর মধ্যে বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি রয়েছে। পারস্পরিক বাণিজ্য উন্নয়নে এসব চুক্তি কাজে লাগানো যেতে পারে। ভৌগোলিক ও জনসংখ্যার বিবেচনায় এই চার দেশের মধ্যে বিপুল বাণিজ্য সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে ব্যবহার করে এই সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। গাড়ি শোভাযাত্রা: গত শুক্রবার এই গাড়ি শোভাযাত্রা কলকাতা থেকে শুরু হয়। বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করে শোভাযাত্রাটি যশোর হয়ে গতকাল বিকেলে তা রাজধানী ঢাকায় পৌঁছায়। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়। আজ (রোববার) গাড়ি শোভাযাত্রাটি সিলেটের সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতের শিলচরে পৌঁছাবে। এরপর মিয়ানমান হয়ে গাড়ি শোভাযাত্রাটি চীনের পূর্বাঞ্চলীয় শহর কুনমিংয়ে পৌঁছাবে। শোভাযাত্রায় ২৪টি গাড়ি অংশ নিচ্ছে। গাড়ি শোভাযাত্রার পথটি হলো কলকাতা-পেট্রাপোল-বেনাপোল (বাংলাদেশ)-যশোর-ঢাকা-সুতারকান্দি-করিমগঞ্জ (ভারত)-শিলচর-ইম্ফল-মোরে-তামু (মিয়ানমার)-মেন্ডালে-রুলি (চীন)-কুনমিং। এই পথটির দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৪৯০ কিলোমিটার। এটি কার্যকর করা গেলে চীনের সঙ্গে দক্ষিণ এশিয়ার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।