আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সার্কের গতিশীলতার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্য বাড়াতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ অর্থাৎ সার্ককে আরও গতিশীল করতে হবে। সার্কের বিশাল সম্ভাবনা থাকলেও এত দিন তা কাজে লাগানো সম্ভব হয়নি।‘আঞ্চলিক সহযোগিতার ভিত্তি: সার্ক’ শীর্ষক দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে গতকাল রোববার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ সেন্টার (পিআরসি) বারিধারার একটি হোটেলে এই সম্মেলনের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এ ছাড়া বক্তব্য দেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষণবিষয়ক মন্ত্রী শরৎ আমুনোগামা, পিআরসির জ্যেষ্ঠ সহসভাপতি আশরাফ উদ দৌলা, হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিমন শেং, শ্রীলঙ্কার সিলন বিস্কুট লিমিটেডের চেয়ারম্যান মিকি বিক্রমাসিংহে, পিআরসির বিশেষ উপদেষ্টা মাহবুব হোসেন খান, বাংলাদেশের ইনস্ক্রাইব মাইক্রোসিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবরারউদ্দিন আহমদ প্রমুখ। পিআরসির চেয়ারম্যান আকবরউদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে সফলতা পেতে সার্ককে আরও কার্যকর করতে হবে। সার্ককে নিয়ে মানুষের বিশাল প্রত্যাশা রয়েছে। তবে এই পর্যন্ত সার্ক থেকে প্রাপ্তি তুলনামূলকভাবে কম। অর্থনৈতিক সুফল প্রাপ্তির গতিকে ‘ধীর’ হিসেবে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। দীপু মনির মতে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে তথা অর্থনৈতিক উন্নয়নে শুল্ক ও অশুল্ক বাধাগুলো দূর করতে হবে। নিকট-ভবিষ্যতে সার্ক কাঠামোর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আর নিবিড়ভাবে কাজ করার উদ্যোগ নিতে পারে।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাণিজ্য বাধা দূর করার প্রক্রিয়াটি অত্যন্ত শ্লথগতিতে রয়েছে। এর গতি বাড়াতে হবে। বাধাগুলো দূর করা সম্ভব হলে এই অঞ্চলের মধ্যে আন্তদেশ বাণিজ্য আরও বাড়বে। আমদানি-রপ্তানি বাণিজ্যে এই অঞ্চলের দেশগুলোর শুল্কহার হ্রাসের পরামর্শ দেন তিনি। শরৎ আমুনোগামা বলেন, দক্ষিণ এশিয়ার বাণিজ্য সমস্যা সার্কের মাধ্যমেই সমাধান করতে হবে। তিনি সার্ক নেতাদের বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। মাহবুব হোসেন খান বলেন, সার্ক অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি পণ্য ও সেবা আদান-প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে। তিনি বিনিয়োগ আকর্ষণের জন্য একটি বিনিয়োগ সুরক্ষা কৌশল প্রণয়নের পরামর্শ দেন।মাহবুব হোসেনের মতে, এই অঞ্চলের রাজনৈতিক নেতাদের পরস্পরের প্রতি অবিশ্বাস দূর করা সম্ভব হলে অর্থনৈতিক সমৃদ্ধি আরও সহজ হবে। মিকি বিক্রমাসিংহে বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বাণিজ্য বাধাগ্রস্ত হয়। তবে ব্যবসায়ীরা মনে করেন, সার্ক অঞ্চলের সবাই এক পরিবার। সিমন শেং বলেন, চীন কিংবা আসিয়ান অঞ্চলের শিক্ষাবিষয়ক সহযোগিতা কৌশলটি সার্ক অঞ্চলে কাজে লাগানো যেতে পারে। আবরারউদ্দিন আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি সমন্বিত কাঠামো তৈরি করা উচিত। এতে মানবসম্পদ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। শ্রীলঙ্কার রাষ্ট্রদূত শরৎ কে ওয়েরাগোদা বলেন, সার্ক হলো পর্যটনের জন্য একটি উৎকৃষ্ট অঞ্চল। প্রতিটি দেশের পর্যটন-বৈচিত্র্য রয়েছে।নেপালের রাষ্ট্রদূত এইচ কে শ্রেষ্ঠা বলেন, এই অঞ্চলের জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় নেপাল ও ভুটানকে কাজে লাগানো যেতে পারে। এই দুটি দেশে বিপুল জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এ জন্য বিনিয়োগ দরকার। তিনি আরও বলেন, এই অঞ্চলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট রয়েছে। আবার সর্ববৃহৎ সমুদ্রসৈকত রয়েছে। তাই পর্যটন-বাণিজ্যও বাড়ানো সম্ভব।