আঞ্চলিক বাণিজ্য সহযোগিতায় বড় দেশকে মূল ভূমিকা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে বড় দেশগুলোকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দক্ষিণ এশিয়া কিংবা দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে সামর্থ্যের ভারসাম্য নেই। এ জন্য বড় দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য মূল্য সংযোজন: দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য শিক্ষা ও নীতি’ শীর্ষক দুই দিনব্যাপী সংলাপের উদ্বোধনী অধিবেশনে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও কেয়ার বাংলাদেশ, ভারতের ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি), ইউএন-এসকেপ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ক্যাপচারিং দ্য গেইনস ও ডিউক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন গ্লোবালাইজেশন এই সংলাপের আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএন-এসক্যাপের পরিচালক নাগেশ কুমার।উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়া উন্নয়ন প্রতিবেদন ২০১২-১৩ প্রকাশ করা হয়। এবারের প্রতিবেদনের শিরোনাম ‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা’।আঞ্চলিক সহযোহিতায় বড় দেশগুলোর অনীহার উদাহরণ দিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘সংকটের মুখে ২০১১ সালে বাংলাদেশে খাদ্য আমদানির প্রয়োজন পড়ে। তখন ভারত থেকে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়। ভারতও চাল দিতে রাজি হয়। কিন্তু একের পর এক শর্ত দিতে থাকে ভারত। সব শর্ত মেনে নেওয়ার পরও শেষ পর্যন্ত বাংলাদেশকে চাল দেয়নি ভারত।’ আব্দুর রাজ্জাক মত দেন, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ‘সার্ক ফুড ব্যাংক’ গঠন করা হয়। দুঃখজনকভাবে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার অভাবে তা কার্যকর করা যাচ্ছে না। রেহমান সোবহান বলেন, ‘শুধু অর্থায়ন নয়, মানুষের জীবনযাত্রার রূপান্তরই হলো অর্থনীতি।’ তিনি আরও মত দেন, ইরানকে জ্বালানির উৎস হিসেবে ব্যবহার করে দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্বালানি সমস্যা দূর করা যেতে পারে। যদিও ইরানের সঙ্গে রাজনৈতিক অর্থনীতির বিষয় জড়িত রয়েছে। কোনো নির্দিষ্ট পণ্যের মূল্য স্থানীয় উৎপাদনকারী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা সামঞ্জস্য থাকতে হবে বলেও মনে করেন রেহমান সোবহান। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশের প্রতিযোগিতা-সক্ষমতার অন্যতম কারণ হলো শ্রমের নিম্ন মজুরি। এর মানে হলো, এ দেশের গরিবেরাই প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশকে। তাঁর মতে, এই অঞ্চলে অভ্যন্তরীণ বাজার চাহিদা রয়েছে। সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, এই অঞ্চলে বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে যেসব দেশ যুক্ত রয়েছে, তাদের মধ্যে সামর্থ্যের ভারসাম্য নেই। বড় দেশগুলোর আলোকিত ভূমিকা দরকার। এ জন্য ভারত, ইরান ও তুরস্কের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এসব দেশের আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি দরকার বলে তিনি জানান। এ প্রসঙ্গে দেবপ্রিয় জানান, বাংলাদেশের খাদ্যসংকটের সময় ভারত তা দেয়নি। আবার তুরস্ক বাংলাদেশের তৈরি পোশাকের ওপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, আইএইচডির যুগ্ম পরিচালক প্রিট রস্তুগি এবং কেয়ার বাংলাদেশের আবাসিক পরিচালক জেমি ট্রেজ, শ্রীলঙ্কার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের (আইপিএস) নির্বাহী পরিচালক সামান কেলেগামা, নেপালের ইনস্টিটিউট ফর পলিসি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (আপিআরএডি) দিল্লিরাজ কানাল। আজ রোববার এই সংলাপ শেষ হবে।