আঞ্চলিক বিদ্যুৎ কাঠামো গড়ে তোলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে একটি আঞ্চলিক বিদ্যুৎ কাঠামো (রিজিওনাল পাওয়ার পুল) গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশ্বব্যাংকের এদেশীয় পরিচালক জোহানেস জাট।
বিশ্বব্যাংকের এই কর্মকর্তা বলেছেন, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বিদ্যুৎ-বাণিজ্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ জন্য আঞ্চলিক যোগাযোগ (কানেকটিভিটি) প্রয়োজন। ভারত থেকে বাংলাদেশ ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনছে। এটা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। নেপাল ও ভুটানও বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে তা রপ্তানি করতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে এসব দেশ থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে আলোচনা শুরু করেছে। এসবের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার এই অংশে আঞ্চলিক বিদ্যুৎ অঞ্চল গড়ে তোলা সম্ভব।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মধ্যাহ্নভোজ সভায় প্রধান বক্তা হিসেবে জাট এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বাংলাদেশের জ্বালানি খাত প্রসঙ্গে বিশ্বব্যাংকের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। কিন্তু এ দেশের মানুষের সংখ্যা, শিল্প-কারখানার তুলনায় এটি খুব বেশি না। বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্যও এই বিদ্যুৎ পর্যাপ্ত নয়। আবার ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতার মধ্যে কার্যকর সক্ষমতা হচ্ছে আট হাজার মেগাওয়াট। এ দেশে গ্যাসের স্বল্পতা আছে। সে কারণে অন্যান্য উৎসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেতে হবে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতাও বাড়াতে হবে।
সুশাসন: বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় এ দেশের রাজনীতিকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেন জোহানেস জাট। তিনি বলেন, সাংঘর্ষিক রাজনীতির কারণে দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ নেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। এটি একটি দেশের শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের পথে বড় বাধা।
উদাহরণ দিয়ে জাট বলেন, বাংলাদেশে অনেক ভালো আইন ও বিধিমালা আছে। কিন্তু এসবের প্রয়োগ ঠিকমতো হয় না। আর এ কারণেই রানা প্লাজার মতো ঘটনা ঘটেছে। একপর্যায়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং নির্বাচন কমিশনের (ইসি) মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বেশ দুর্বল। এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।
পদ্মা সেতু: পদ্মা সেতু প্রসঙ্গে জোহানেস জাট বলেন, ২০১৩ সালের জানুয়ারিতে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে আসে বিশ্বব্যাংক। ঋণদাতা এই প্রতিষ্ঠানটি যখন কোনো প্রকল্পে অর্থায়ন করে, তখন তাদের নিজস্ব নিয়মনীতি অনুসরণ করেই তা করে। বিশ্বব্যাংক বলছে না যে বাংলাদেশ নিজে পদ্মা সেতু করতে পারবে না।
পদ্মা সেতুতে বিশ্বব্যাংক আবার ফিরবে কি না—জানতে চাইলে স্পষ্ট করে কোনো উত্তর দেননি জাট। তবে তিনি বলেন, কোনো একটা নির্দিষ্ট প্রকল্পের কোনো প্রক্রিয়ায় যদি দুর্নীতি হয় এবং এর কারণে ওই প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত করে, তার মানে হলো ওই প্রকল্পে গুরুতর কিছু একটা হয়েছে, যেটার দিকে নজর দেওয়া প্রয়োজন। তবে তার মানে এই নয় যে সে দেশে আর কোনো প্রকল্পে বিশ্বব্যাংক কাজ করবে না।
বিশ্বব্যাংক কি কোনো দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে?—এমন প্রশ্নের জবাবে জাট বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বাংলাদেশের মানুষ ও সরকারের কারণে, বিশ্বব্যাংকের কারণে নয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বিশ্বব্যাংক এ ক্ষেত্রে কিছুটা অবদান রাখতে পারে।’ তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া কিংবা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করার অধিকার বিশ্বব্যাংকের নেই। প্রতিষ্ঠানটি কাজ করে অর্থনৈতিক বিষয়ে।
বিকেন্দ্রীকরণ: সভায় জোহানেস জাট ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশের জিডিপিতে ভূমিকা রাখা প্রধান শহর হলো ঢাকা। কিন্তু ঢাকা এখন অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। জিডিপিতে ঢাকার অবদান এখনকার মতোই রাখতে হলে এই শহরের ওপর থেকে চাপ কমাতে হবে। এ জন্যও বিকেন্দ্রীকরণ প্রয়োজন।