চলতি ২০০৯-১০ অর্থবছরের বাজেট প্রণয়নের সময় বেশ কয়েকজন সাংসদ বিশেষত দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে অন্য অংশের বৈষম্য দূরীকরণের পদক্ষেপ নেওয়ার জোর দাবি করেন। আর ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায়ও ইতিমধ্যে বেশ কয়েকজন সাংসদ আঞ্চলিক বৈষম্য নিয়ে সংসদে জোর বক্তব্য রেখেছেন।আলোচনায় অংশ নিয়ে মহাজোটের সাংসদ (গাইবান্ধা-৩) টি আই এম ফজলে রাব্বী গতকাল সোমবার দেশের অবহেলিত উত্তরাঞ্চলে সরকারের মনোযোগ দাবি করেন। তিনি বলেন, ‘উত্তরাঞ্চল দেখলে মনে হয়, উত্তর বাংলা যেন বাংলার অংশ নয়।’এর আগে ঢাকা-৯ আসনে সরকারি দলের সাংসদ সাবের হোসেন চৌধুরী তথ্য দিয়ে বলেছিলেন, জিডিপির ৩০ শতাংশ আসে ঢাকার অধিবাসীদের কাছ থেকে, ৫০ শতাংশ কর দেয় ঢাকার মানুষেরা। ঢাকার গুরুত্ব অপরিসীম। কিন্তু পরিকল্পনার অভাবে ঢাকা বসবাস করা দায় হয়ে পড়ছে।সাবের হোসেন ঢাকার আশপাশের জেলা ও ১৩টি ইউনিয়নকে নিয়ে পরিকল্পনা প্রণয়নের পরামর্শ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীর উড়ালসেতু উদ্বোধন করতে গিয়ে ঢাকার রাস্তাঘাট উন্নয়নে বারবার তাগাদা দিয়েও মেয়রের কোনো সহযোগিতা পাননি বলে জানিয়েছেন।সাবের হোসেন আরও বলেন, সিটি করপোরেশনের এই অসহযোগিতা যদি থাকে তবে ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়ে সাংসদদের মাধ্যমে উন্নয়নকাজ চালিয়ে নিতে হবে।আগের দিন রোববার মহাজোটের অংশীদার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মইন উদ্দীন খান চট্টগ্রামের উন্নয়নে বাজেটে তেমন কিছু না থাকায় সমালোচনা করেন। তিনি বলেন, ‘বাজেটে সব আছে, শুধু চট্টগ্রাম নেই। কিন্তু চট্টগ্রামের উন্নয়ন বাংলাদেশেরই উন্নয়ন।’এসব প্রসঙ্গ তুলে সরকারি দলের সাংসদ (রংপুর-৪) টিপু মুনশি গতকাল বলেন, ঢাকা থেকে ৫০ ভাগ রাজস্ব আসে, আর চট্টগ্রাম দাবি করে ৩০ ভাগ তাদের আয় যুক্ত হয় বাজেটে। তাহলে বাকি দেশের উন্নয়ন আর কীভাবে হবে? টিপু মুনশি দেশের বিভিন্ন অবহেলিত বিশেষত উত্তরাঞ্চলের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।জাতীয় পার্টির মহাসচিব ও সাংসদ রুহুল আমিন হাওলাদার বরিশাল বিভাগের উন্নয়নের দাবি তোলেন।আগের দিন রোববার খান টিপু সুলতান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অব্যবস্থা তুলে ধরেন। তিনি দাবি করেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে পদ্মা দ্বিতীয় সেতু নির্মাণের পদক্ষেপ নিতে হবে।এর আগে ১৬ জুন উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরেন সরকারদলীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী।আবুল হাসান মাহমুদ বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো রেলওয়েকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি এ জন্য রেল বাজেট প্রণয়ন করার কথা বলেন। মাহমুদ আলী আরও বলেন, উত্তরবঙ্গের মানুষেরা দরিদ্র। এই এলাকার যোগাযোগব্যবস্থা বলতে রেলওয়েকে বোঝায়। কিন্তু উত্তর বাংলার রেল যোগাযোগব্যবস্থা বিরাট বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। মাহমুদ আলী সংসদকে জানান, গত কয়েক মাসে উত্তর বাংলার সাতটি স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। গত এক মাসে রংপুর-দিনাজপুর অঞ্চলে ১০টি ট্রেন বন্ধ করা হয়েছে। মাহমুদ আলী রেলওয়ের জন্য একজন চেয়ারম্যানের নেতৃত্বে রেলওয়ে বোর্ড চালু করার প্রস্তাব দিয়ে বলেন, ‘এটা আগেও ছিল, ভারতেও আছে।’ তিনি শিক্ষানবিশ রেলচালক, মাস্টার ও গার্ড নিয়োগের প্রস্তাব করেন। দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলে গ্যাসসংযোগ নেই। অনুন্নত যোগাযোগব্যবস্থা। ব্যবসা-বাণিজ্যসহ শিল্পের পর্যাপ্ত বিকাশ হয়নি অবকাঠামোর অভাবে। এ কারণে এসব অঞ্চলের সঙ্গে দেশের অন্য অঞ্চলের বৈষম্য ক্রমেই প্রকট হচ্ছে। আঞ্চলিক দারিদ্র্যও ক্রমশ বাড়ছে। হালনাগাদ করা দারিদ্র্য মানচিত্র থেকে দেখা যায়, ঢাকা বিভাগে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৯০ শতাংশ। অথচ খুলনায় এই হার ৩৪ থেকে ৪৫ দশমিক ৮০ শতাংশ পর্যন্ত রয়েছে। আর রাজশাহী ও বরিশালে এই হার ৪৫ দশমিক ৮০ শতাংশ থেকে আরম্ভ হয়ে ৫২ শতাংশ পর্যন্ত ঠেকেছে।চলতি ২০০৯-১০ ও আগামী ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট আলোচনায় বিশেষ করে এসব অঞ্চলের সাংসদেরা এই বৈষম্য দূরীকরণের দাবি তুলেছেন। কেউ কেউ জেলাভিত্তিক বাজেট প্রণয়নের দাবি তোলেন।একইভাবে দেশকে কয়েকটি প্রদেশে ভাগ ৃকরেও আঞ্চলিক উন্নয়ন করে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার দাবি তুলেছেন সাংসদেরা।