আঞ্চলিক বৈষম্য দ্রুত কমানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দারিদ্র্য নিরসনের পাশাপাশি আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে। বিশাল দরিদ্র জনসংখ্যার কারণে দেশের সব অঞ্চলে জাতীয় আয় বৃদ্ধি প্রতিফলিত হচ্ছে না।গতকাল বুধবার ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিলের ওপর জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। পরিকল্পনা কমিশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংলাপের বিষয়বস্তু ছিল ‘আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও দারিদ্র্য নিরসনের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ।’ সংলাপে বক্তারা হতদরিদ্র জনগণের উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান, খাদ্যনিরাপত্তা, ভূমিকম্পসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবিলার পূর্বপ্রস্তুতি, সামাজিক নিরাপত্তা, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, স্থানীয় সরকারকাঠামোকে শক্তিশালীকরণ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।জাতীয় সংলাপে সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। এতে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিশেষজ্ঞরা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, জাতীয় জীবনে দরিদ্রের সংখ্যা যেমন অত্যধিক, তেমনি জাতীয় আয় বৃদ্ধির প্রতিফলনও দেশের সব অঞ্চলে সমানভাবে পড়ছে না। কয়েকটি অঞ্চলে তুলনামূলকভাবে দারিদ্র্যের হার বেশি, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষসমূহ (এমডিজি) অর্জনে বড় রকমের চ্যালেঞ্জ।পরিকল্পনামন্ত্রী আরও জানান, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাটি আগের যেকোনো পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে ভিন্নতর। বিশ্বায়নের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিরও আমূল পরিবর্তন হয়েছে। বেসরকারি বিনিয়োগ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনাটি হচ্ছে একটি নির্দেশনামূলক কৌশলপত্র, যাতে রূপকল্প-২০২১-এর আলোকে জাতির আগামী পাঁচ বছরের অর্জনের জন্য মাইলফলক লক্ষ্যসমূহ চিহ্নিত থাকবে।সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তামূলক যেসব কর্মসূচি গ্রহণ করেছে, তার নজির আমাদের আশপাশের অনেক দেশে নেই।’বীর বাহাদুর বলেন, জনগণের জন্য উন্নয়ন পরিকল্পনা সে অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও জীবনযাত্রার ধরনের ওপর ভিত্তি করে গ্রহণ করতে হবে। সমতল অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা পার্বত্য অঞ্চলের জন্য চাপিয়ে দিলে তা পাহাড়ি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে ফলপ্রসূ হবে না। বীর বাহাদুর পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যথাযথ পরিকল্পনা নেওয়ার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে সম্পদশালী এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।সংলাপে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য হ্রাসে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ সময় বর্তমানের চেয়ে দারিদ্র্যসীমা ১০ শতাংশ কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে পরিকল্পনায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।