আঞ্চলিক যোগাযোগ স্থাপনে দরকার সমন্বিত পরিকল্পনা
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংযুক্তি ও আঞ্চলিক যোগাযোগ স্থাপনে (কানেকটিভিটি) একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন এই অঞ্চলের গবেষক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাঁরা বলেছেন, দক্ষিণ এশিয়ার সব দেশকে সমন্বিতভাবে সংযোগ স্থাপনের পথগুলো নির্ধারণ করতে হবে।
এ ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিচার বিভাগ, দুর্নীতি দমন সংস্থা, সুশীল সমাজ ও গণমাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করারও পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকার লা মেরিডিয়ান হোটেলে নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের সমাপনী দিনে গতকাল আলাদা দুটি কর্ম অধিবেশনে এসব পরামর্শ উঠে আসে। এদিন দুপুরে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক সংযুক্তি ও আঞ্চলিক যোগাযোগবিষয়ক কর্ম অধিবেশনে নির্ধারিত আলোচক ছিলেন ভারতের নয়াদিল্লির ইউএন এসকাপের পরামর্শক সারোজ আয়ুস, ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রির অধ্যাপক প্রবীর দে, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির পরিচালক প্রণব কুমার প্রমুখ।
মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দায়বদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলাবিষয়ক অপর এক কর্ম অধিবেশনে সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক রওনক জাহান।