আঞ্চলিক সম্পৃক্ততার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার দেশগুলো অর্থনীতির গতি বাড়াতে আঞ্চলিক সম্পৃক্ততার দিকে অগ্রসর হতে পারে। এ জন্য দেশগুলোর নেতৃত্বের রাজনৈতিক সমঝোতা জরুরি।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসসিবি) ২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য অধিবেশনে এই অভিমত উঠে এসেছে। এদিন চারটি কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার: এশিয়ার প্রেক্ষিত’।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল রোববার দিনব্যাপী এই আয়োজনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
নেপালের বাণিজ্যমন্ত্রী সুনীল বাহাদুর থাপা বলেন, ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকটের জের ধরে যে বিশ্বমন্দা দেখা দিয়েছিল, তা কাটিয়ে ওঠা গেলেও বিশ্ব অর্থনীতির গতি এখনো মন্থর।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) মহাসচিব মুকহিশা কিতুই বলেন, বিশ্ব অর্থনীতির গতি পুনরুদ্ধারে আঞ্চলিক সম্পৃক্ততার সুযোগ কাজে লাগানো যেতে পারে।
কিতুই আর্থিক সংকটের কারণ স্মরণ করে বলেন, বেসরকারি খাতকে অতিমাত্রায় ঋণ দেওয়া হলে তার পরিণতি যে ভালো হয় না, তা এখন প্রমাণিত। অতিরিক্ত ঋণ কৃত্রিম চাহিদা তৈরি করে, যা কৃত্রিমভাবে বাজারের স্ফীতি ঘটায় এবং একপর্যায়ে ধস নামে।
আঙ্কটাডের মহাসচিব আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে ইতিমধ্যে কিছু মৌলিক পরিবর্তন ঘটে গেছে। যুক্তরাষ্ট্র জ্বালানি তেল উৎপাদনে কার্যত স্বনির্ভর হয়ে গেছে। তাই ওপেক জোট আগের মতো বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না। ইতিমধ্যে তেলের দাম নিম্নমুখী হয়েছে। অন্যদিকে চীন বৈশ্বিক বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম গন্তব্যে পরিণত হয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার বালি ঘোষণার ভবিষ্যৎ সম্পর্কিত কার্য অধিবেশনে বক্তারা বলেন, কৃষি ভর্তুকি বাণিজ্য সহজীকরণ ও স্বল্পোন্নত দেশগুলোর বিষয় (এলডিসি ইসুজ) নিয়ে বালি প্যাকেজ বা গুচ্ছ তৈরি হয়েছে, যা সব সদস্যদেশ গত বছর ডিসেম্বরে একমত হয়। কিন্তু স্বল্পোন্নত দেশগুলো এখনো অনিশ্চয়তার মধ্যে থাকতে বাধ্য হচ্ছে।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদী সাত্তার বলেন, ডব্লিউটিওর দোহা পর্ব সম্পন্ন করার জন্য বালি ঘোষণা কার্যকর করা প্রয়োজন। অথচ ডব্লিউটিওর বাইরে দুটি বিশাল আঞ্চলিক বাণিজ্য-অর্থনীতি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি হলো যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে, যার নামকরণ হয়েছে আটলান্টিকের দুই পারের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারির (ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা টিটিআইপি)। অপর প্রস্তাবিত চুক্তিটির নামকরণ হয়েছে প্রশান্ত মহাসাগরের দুই পারের অংশীদারি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি)। এটি যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, চিলি, পেরু, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও ভিয়েতনামের মধ্যে সম্পাদিত হবে।
এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ডব্লিউটিওর বাইরে যেসব বড় বড় আঞ্চলিক অর্থনৈতিক-রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে স্বল্পোন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিপূরণ ডব্লিউটিওর মাধ্যমে কীভাবে হবে, সেটাই একটা বিরাট প্রশ্ন।