আঞ্চলিক সম্পৃক্ততার বিকল্প নেই

দুই দিনব্যাপী এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হলে আঞ্চলিক সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। কিন্তু এ অঞ্চলের দেশগুলো পারস্পরিক সহযোগিতার কথা বললেও আঞ্চলিক সম্পৃক্ততার বিষয়ে খুব বেশি আগ্রহ দেখা যায় না।
এ কারণে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আঞ্চলিক সম্পৃক্ততার ওপর জোর দেওয়া হয়েছে এশিয়া ও প্যাসিফিক বিজনেস ফোরামের (এপিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত এই ফোরামের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সম্পৃক্ততা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ভূরাজনৈতিক অবস্থান ও বৈচিত্র্যের কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চল বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। এ অঞ্চলের উন্নয়নে গতি সঞ্চার করতে হলে দেশগুলোর পারস্পরিক বিশ্বাস, আস্থা ও সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে সবার আগে। বর্তমানে এ অঞ্চলের বহু লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এসডিজি বাস্তবায়ন করতে হলে দারিদ্র্যকে মোকাবিলা করতে হবে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ) যৌথভাবে এপিবিএফের আয়োজন করেছে। আর তাতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও এসকাপের নির্বাহী সম্পাদক এক্সিকিউটিভ সেক্রেটারি শামসাদ আক্তার। এতে মূল প্রবন্ধ পাঠ করেন আইসিসির সাবেক বৈশ্বিক চেয়ারম্যান ও ফাং গ্রুপের চেয়ারম্যান ভিক্টর কে ফাং।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।
উদ্বোধনী অধিবেশনের পরপরই দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট লতিফুর রহমান, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাউচান থাকালি, শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিশাদ বাথিউদ্দিন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) ওয়েনচাই ঝাং, আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিটুই।
আঞ্চলিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে এ অঞ্চলের বিভিন্ন প্রশিক্ষণ একাডেমিকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘আমরা সব সময় সহযোগিতা ও পারস্পরিক অংশীদারত্বের কথা বলি। কিন্তু পারস্পরিক সম্পৃক্ততার বিষয়টি সেভাবে আলোচনায় আসে না। বর্তমান বিশ্ব বাস্তবতায় আঞ্চলিক সম্পৃক্ততা ছাড়া টেকসই উন্নয়ন কঠিন।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ অনেক ভালো করছে। যোগাযোগ ও অবকাঠামো খাতে সরকারের বিপুল বিনিয়োগ রয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনের ক্ষেত্রে বেসরকারি খাতের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এডিবি বেসরকারি খাতকে আরও বেশি অর্থ-সহায়তা দেবে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে এডিবি আরও অধিক বিনিয়োগে আগ্রহী। এ সময় তিনি আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বড় বড় অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।
আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশেরই বসবাস এশিয়া অঞ্চলে। বিশ্ব অর্থনীতির জন্য এশিয়া এখন অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের এসডিজি অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত দেন তিনি।
প্রথম দিনের আয়োজনের শেষ পর্বে ছিল অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজ। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
এদিকে ফোরামের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার ‘সফলভাবে এসডিজি অর্জনের জন্য ব্যবসা ও বিনিয়োগের প্রসার’ প্রতিপাদ্য নিয়ে কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হবে।