আঞ্চলিক সহযোগিতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূ-রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ এ অঞ্চলে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অবস্থানগত সুবিধাটিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে বাংলাদেশকে। আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলোতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আবারও পিছিয়ে পড়তে হবে।
গতকাল শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের উন্নয়ন নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের একটি অধিবেশনে আলোচকেরা এসব কথা বলেছেন। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষণা ফেলো মোহাম্মদ ইউনুস। উপস্থাপনায় তিনি বলেন, এ অঞ্চলে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বেশ কিছু আঞ্চলিক সংস্থা কাজ করলেও বাস্তবে সেসবে ক্ষেত্রে কিছু নেতিবাচক দিক রয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ইতিবাচক পদক্ষেপ না নিলে বাংলাদেশেরই ক্ষতি হবে। অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক কাঠামো জোরদার, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে সাবেক পররাষ্ট্রসচিব ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুক সোবহান বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অঞ্চল যেভাবে এগিয়ে গেছে, দক্ষিণ এশিয়া সে তুলনায় অনেক পিছিয়ে। সরকারকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট কাজগুলোকে এগিয়ে নিতে হবে। এ বিষয়ে অবকাঠামো, অর্থনৈতিক ব্যবস্থা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, ‘ইতিমধ্যেই আমরা ২০ বছর পিছিয়ে গেছি। এখনো আমরা চিন্তা করছি কীভাবে করব। এ অবস্থা থেকে সরে আসতে হবে। দেশের স্বার্থে যেটা জরুরি, সে উদ্যোগ সরকারকেই নিতে হবে।’
সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়া গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং রাজনৈতিক নিরপেক্ষতার বিষয়টি মাথায় রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, ভারত ও চীনের মতো দুটি বড় অর্থনীতির দেশ এবং বিশ্ব প্রেক্ষাপটে বড় শক্তির দেশ এ অঞ্চলে থাকার কারণে বাংলাদেশকে কৌশলীভাবে সহযোগিতার ক্ষেত্রগুলোতে কাজ করতে হবে। এ দুটি দেশের মধ্যে কতটা ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ কাজ করতে পারে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। মিয়ানমারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে পারলে বড় শক্তিগুলোর সঙ্গে আমাদের দর-কষাকষির ক্ষেত্রে সামর্থ্য বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য আলোচনার সারসংক্ষেপ তুলে ধরে বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নেতৃত্বের দক্ষতা, জনমতের প্রত্যাশার যথাযথ প্রতিফলন মূল ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সফল হতে গেলে রোহিঙ্গা, তিস্তা ইস্যুর মতো তিক্ত দ্বিপক্ষীয় বিষয়গুলোর সমাধানও জরুরি।