দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। পাশাপাশি অবকাঠামো, বিদেশি বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। গতকাল সোমবার ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের দক্ষিণ এশিয়া প্রবৃদ্ধি সম্মেলনের দ্বিতীয় দিন বিকেলের ‘আঞ্চলিক অর্থনৈতিক সম্পৃক্ততা’ শীর্ষক অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলন হয়।এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টনি ভেনাবেলস, লাহোর ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ নবী ও আইজিসির প্রতিনিধি শৈবাল গুপ্ত।এসব প্রবন্ধের ওপর আলোচনা করেন অধিবেশনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। মির্জ্জা আজিজ তাঁর বক্তব্যে বলেন, এ অঞ্চলে পারস্পরিক সহযোগিতায় নানা ধরনের রাজনৈতিক সমস্যা রয়েছে। এসব রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে সবার আগে। এ ছাড়া আঞ্চলিক সহযোগিতায় একেক দেশের একেক রকম নীতি রয়েছে। সামষ্টিক অর্থনীতির নীতিগুলোর সমন্বয় করতে হবে। আর পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ নীতিমালাও থাকা দরকার। মির্জ্জা আজিজ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টির ওপর গুরুত্ব্বারোপ করেন তিনি।মসিউর রহমান বলেন, রাজনৈতিক সদিচ্ছার কথা বলা হচ্ছে, এটা বিবেচনায় আনতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে যে যৌথ ইশতেহার হয়েছে, তা রাজনৈতিক সদিচ্ছারই বহিঃপ্রকাশ।’মোহাম্মদ জমির তাঁর বক্তব্যে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততার জন্য রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন। ইজাজ নবী বলেন, দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য এশিয়ার সংযোগস্থল হতে পারে পাকিস্তান । আর পাকিস্তান হলো এই অঞ্চলের সবচেয়ে বেশি উদার অর্থনীতির দেশ।তাঁর মতে, এ অঞ্চলের পারস্পরিক বাণিজ্য সহযোগিতার বিষয়টি ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে।অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়াতে অবকাঠামোর উন্নয়ন, বিদেশি বিনিয়োগের শর্ত শিথিল করা এবং বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন টনি ভেনাবেলস। তিনি মনে করেন, এসব অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো বাস্তবায়নে রাজনৈতিক নেতাদের সদিচ্ছার প্রয়োজন রয়েছে। এদিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও বিহারকে নিয়ে একটি বাণিজ্যবলয় গঠনের পরামর্শ দেন শৈবাল গুপ্ত। তিনি বলেন, ঐতিহাসিকভাবেই এ অঞ্চলের মধ্যে বাণিজ্য হতো। দেশ বিভাজনের পর তা আটকে গেছে।এর আগে সকালে ‘দারিদ্র্য ও তৃণমূল পর্যায়ে উদ্যোগ’ শীর্ষক প্রথম অধিবেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের উত্তরাঞ্চলে মঙ্গার প্রকোপ কমেছে। কিন্তু পর্যাপ্ত মনোযোগের অভাবে মৌসুমি মঙ্গার প্রকোপ এখনো কমানো সম্ভব হয়নি। জামালপুর জেলা ও হাওর অঞ্চলে এখনো দারিদ্র্যপ্রবণ এলাকার পকেট রয়েছে।এই অধিবেশনে আরেক বক্তা ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশফিক মোবারকের মতে, মঙ্গার মৌসুমে অভিবাসন হলে এই ধরনের মৌসুমি দারিদ্র্যের প্রকোপ কমানো সম্ভব। এ অধিবেশনের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এই অধিবেশনে আরেক বক্তা লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক রবিন বারগেস ব্র্যাকের অতি দারিদ্র্য নিরসন কর্মসূচি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।