দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন দেশে-বিদেশে স্বনামখ্যাত অর্থনীতিবিদ স্বদেশ রঞ্জন বোস। আঞ্চলিক সহযোগিতা বিষয়ে তাঁর রচনা ও গবেষণা বাঙালি জাতির জন্য সব সময়ই প্রাসঙ্গিক। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ অর্থনীতিবিদ ‘স্বদেশ রঞ্জন বোসের কালেকটেড ওয়ার্কস’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত এ কথা বলেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত অনুষ্ঠানে স্বদেশ বোসের ‘দক্ষিণ এশিয়ার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা’ এবং ‘অর্থনৈতিক নীতি, বৈষম্য এবং উন্নয়নের সমস্যাসমূহ’ বিষয়ে রচনার দুটি খণ্ডের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী। প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইডিএসের মহাপরিচালক মুস্তফা কে মুজেরী। আর গ্রন্থ দুটির ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সনৎ কুমার সাহা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন স্বদেশ রঞ্জন বোসের ছেলে, গ্রন্থদ্বয়ের সম্পাদক এবং মালয়েশিয়ার ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের মহাসচিব জসিম আহমেদ। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ বিনায়ক সেন, এমসিসিআইয়ের সাবেক সভাপতি লায়লা রহমান কবীর, স্বদেশ রঞ্জন বোসের স্ত্রী নূরজাহান বোস, তাঁর দুই মেয়ে ও স্বজনেরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯২৮ সালে জন্মগ্রহণকারী স্বদেশ রঞ্জন বোস ২০০৯ সালে মারা যান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘স্বদেশ রঞ্জন বোস পঞ্চাশ ও ষাটের দশকের চিন্তানায়ক এবং ভাষাসৈনিকও ছিলেন। জীবনে অনেক কিছুই শিখেছি তাঁর কাছ থেকে।’সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেন, শুধু গবেষণা নয়, মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন স্বদেশ বোস। এ জন্য তিনি জেল পর্যন্ত খেটেছেন। বাংলাদেশের গবেষণা ব্যবস্থার পুনর্গঠনে স্বদেশ বোসের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। ব্য্যাকের নির্বাহী পরিচলক মাহবুব হোসেন বলেন, আঞ্চলিক সহযোগিতা, কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তার জন্য স্বদেশ রঞ্জন বোসের কাছে যেতে হবে। তিনি তাঁর নিজের গবেষণার প্রথম তত্ত্বাবধায়ক হিসেবে স্বদেশ বোসের কথা স্মরণ করেন।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, স্বদেশ রঞ্জন বোস আঞ্চলিক সহযোগিতার উন্নয়নে নতুন ধারণা দিয়েছিলেন। এই ধরনের তত্ত্বগত অবদান খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘কার্ল মার্ক্স বলেছিলেন, নতুন তত্ত্ব বা ধারণার চেয়ে শক্তিশালী কিছু নেই। কাজী সাহাবুদ্দিন বলেন, দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান ও দুর্যোগ মোকাবিলায় এখনো স্বদেশ বোসের রচনাবলি পাঠ করতে হয়।স্বদেশ রঞ্জন বোসের রচনাবলিতে বাংলাদেশের অর্থনীতির প্রাথমিক চ্যালেঞ্জ, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, আন্তদেশীয় বাণিজ্য, কৃষি, শিক্ষা, সমবায় ধারণা, শ্রমশক্তি ও কর্মসংস্থান, মুদ্রা বিনিময় হার ইত্যাদি বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে।