আট ইপিজেডের রপ্তানি আয় ৬১১ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে গত ২০১৪-১৫ অর্থবছরে মোট ৬১১ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় আলোচ্য সময়ের ৫৭০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি ৩৪ লাখ ডলার বা ৭ দশমিক ১৯ শতাংশ বেশি।
আগের ২০১৩-১৪ অর্থবছরে আট ইপিজেডের রপ্তানি আয় ছিল ৫৫২ কোটি ডলার। সেই হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৫ শতাংশ।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গতকাল বুধবার রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আগের ২০১৩-১৪ অর্থবছরে যেখানে মোট জাতীয় রপ্তানিতে আট ইপিজেডের অবদান ছিল ১৮ দশমিক ৩০ শতাংশ, সেখানে গত অর্থবছরে সেটি বেড়ে হয়েছে ১৯ দশমিক ৫৯ শতাংশ।
বেপজার তথ্য অনুযায়ী, গত অর্থবছরে চট্টগ্রাম ইপিজেডের প্রতিষ্ঠানগুলোই সর্বোচ্চ ২৩৮ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানি করে। ঢাকা ইপিজেড ১৯৯ কোটি ৭৫ লাখ, কর্ণফুলী ৭০ কোটি ৯৭ লাখ, আদমজী ৪৬ কোটি ৭৪ লাখ, কুমিল্লা ২৭ কোটি ৪৬ লাখ, মংলা ৮ কোটি ৪২ লাখ, ঈশ্বরদী ১০ কোটি ৮২ লাখ ও উত্তরা ইপিজেড থেকে ৮ কোটি ৭৯ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে।
আর ২০১৩-১৪ অর্থবছরে ইপিজেডগুলো থেকে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে—চট্টগ্রাম ২২৬ কোটি ১৬ লাখ, ঢাকা ১৯৩ কোটি ৭৫ লাখ ডলার, কর্ণফুলী ৫২ কোটি ৬৮ লাখ ডলার, আদমজী ৩৮ কোটি ৬২ লাখ, কুমিল্লা ২০ কোটি ৯৪ লাখ, মংলা ৭ কোটি ৭২ লাখ ডলার, ঈশ্বরদী ৯ কোটি ৩১ লাখ ও উত্তরা ইপিজেড ৩ কোটি ৩২ লাখ ডলার।
গত জুন পর্যন্ত ইপিজেডগুলো থেকে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬১৪ কোটি ডলার।