আট দিন পর ইতিবাচক ধারায় শেয়ারবাজার
টানা আট দিন নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার ইতিবাচক প্রবণতা বিরাজ করছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।
ডিএসইতে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১টির দাম বেড়েছে, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭৫ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ১৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ এ প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হা ওয়েল টেক্সটাইল, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, অ্যাকটিভ ফাইন, হেইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, মতিন স্পিনিং প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক বেড়েছে ১২৮ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬১৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।