আট দিন পর নিম্নমুখী সূচক, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে টানা আট দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনও।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকের নিম্নমুখী প্রবণতাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। বিনিয়োগকারীদের মধ্যে আজ মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বাজারের এই মূল্য সংশোধন বলে মনে করছেন তাঁরা।

ডিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৫০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার ওঠানামার পর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ ডিএসইতে ৬১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৯৮ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭০৮ কোটি টাকার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৫৭ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪টির দাম বেড়েছে, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৬৫ কোটি টাকার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড এয়ার। আজ এ প্রতিষ্ঠানের ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউসিবিএল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, বিএসসি, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।