টানা আট দিন দরপতনের পর গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই বড় ধরনের উল্লম্ফন দিয়ে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দুই বাজারে মূল্যসূচক গড়ে সাড়ে ৫ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে লেনদেনও আগের দিনের প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত বুধবার বিকেলে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে প্রান্তিক ঋণসংক্রান্ত দুটি বিধি শিথিল করা হয়। এর ফলে নতুন কোম্পানি তালিকাভুক্ত হওয়ার পর এবং তালিকাভুক্ত কোম্পানির শ্রেণী পরিবর্তনের পর সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের বিপরীতে প্রথম কর্মদিবস থেকে ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সকালে এ খবর সামনে রেখে বাজারে লেনদেন শুরু হয়, যা বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবার পুঁজিবাজারের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণসহায়তা প্রদানের চুক্তির খবরও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন তাঁরা।পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) আওতায় এডিবি বাংলাদেশকে ৩০ কোটি ডলার সহায়তা দেবে। এ-সংক্রান্ত একটি চুক্তি গতকাল ঢাকায় স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব ইকবাল মাহমুদ ও বাংলাদেশে এডিবির আবাসিক পরিচালক তেরেসা খো রাজধানীর আগারগাঁওয়ে ইআরডি কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন।বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫ দশমিক ৪৯ শতাংশ বা ২১৯ পয়েন্ট বেড়ে চার হাজার ২১০ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিনের লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকও বাড়তে থাকে। সূচক বাড়ার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ঢাকার বাজারে এদিন ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬৬টিরই দাম বেড়েছে। কমেছে তিনটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে ৩৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা তার আগের দিনের চেয়ে ১৪৯ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইর লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বিএসসিসিএল, যমুনা অয়েল, এনবিএল, আরএন স্পিনিং, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো ও সিএমসি কামাল ।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৪ শতাংশ বা ৬৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮১৭ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টিরই দাম বেড়েছে। কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রামের বাজারে এদিন মোট ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা তার আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি।