অন্য দেশের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে দক্ষতার সঙ্গে কাজ করে থাকে জার্মানি। তার পরই রয়েছে সিঙ্গাপুর। আর তৃতীয় স্থানে উঠে এসেছে সুইডেন।বিশ্বব্যাংক ১৫৫টি দেশ নিয়ে এ সংক্রান্ত যে তালিকা প্রস্তুত করেছে, তাতে এ অবস্থানগুলো নির্ণীত হয়েছে।এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৭৯তম। আগেরবার ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৭তম। এবার বাংলাদেশের অগ্রগতি হয়েছে আট ধাপ।তালিকাভুক্ত দেশগুলোকে উচ্চ থেকে নিম্ন—চারটি বৃহত্তর শ্রেণীতে ভাগ করা হয়েছে। এগুলো হলো উচ্চ আয়, মধ্য আয় (উচ্চতর), মধ্য আয় (নিম্ন) ও নিম্ন আয়। বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে উচ্চতর মধ্য আয়ের দেশের কাতারে। এ কাতারে অবশ্য বাংলাদেশের অবস্থান ওপরের দিকে।গত শুক্রবার বিশ্বব্যাংকের ‘লজিস্টিক পারফরম্যান্স ইনডিকেটরস’ প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাতে এই অবস্থানক্রম তুলে ধরা হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ প্রতিবেদন প্রকাশ করা হলো। এর আগে ২০০৭ সালের জন্য এ প্রতিবেদন প্রকাশ করেছিল বাংলাদেশ।প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হলো, দেশগুলো কতটা দক্ষতার সঙ্গে পণ্য সঞ্চালনা এবং বিশ্ববাজারের সঙ্গে ভোক্তা ও প্রস্তুতকারকদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করতে পারে, তা নির্ণয় করা।আন্তর্জাতিক পণ্য বহনকারীদের ওপর বিশ্বের সবচেয়ে নিবিড় জরিপের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। বিশ্ব আর্থিক সংকট চলাকালে বিশ্বজুড়ে সংশ্লিষ্ট এক হাজারের বেশি প্রতিষ্ঠানের ওপর এ জরিপ পরিচালনা করা হয়েছে।বিশ্বব্যাংকের প্রতিবেদেন বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ পণ্য সঞ্চালনা এবং ক্রেতা ও ভোক্তাদের সম্পৃক্ততা তৈরির কাজে অনেকখানি অগ্রগতি অর্জন করেছে। তবে বাণিজ্য থেকে অধিকতর লাভবান হওয়া ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার জন্য আরও অগ্রগতি প্রয়োজন।মোট ছয়টি বিষয়ের ভিত্তিতে সার্বিক সূচকটি তৈরি করা হয়। বিষয়গুলো হলো, পণ্য ছাড় করার জন্য কাস্টমসহ সীমান্ত কর্তৃপক্ষের দক্ষতা; রেল, সড়ক, বন্দর ও তথ্যপ্রযুক্তিসহ বাণিজ্য ও পরিবহনসংশ্লিষ্ট অবকাঠামোর অবস্থা; পণ্য জাহাজীকরণের ব্যয় সহজীকরণ; পরিবহন পরিচালনাকারীসহ বিভিন্ন আনুষঙ্গিক সেবা ও সামগ্রীর (লজিস্টিক) গুণগত অবস্থা; পণ্য চালানের অবস্থা নির্ণয় ও অনুসরণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর সময়সীমা।বাংলাদেশের অবস্থা: বিশ্বব্যাংকের এ সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরই বাংলাদেশের অবস্থান। ভারতের অবস্থান ৪৭তম ও বাংলাদেশের ৭৯তম। পাকিস্তানের অবস্থান ১১০তম আর মালদ্বীপের ১২৫তম। এরপর পর্যায়ক্রমে আছে ভুটান (১২৮), শ্রীলঙ্কা (১৩৭), আফগানিস্তান (১৪৩) ও নেপাল (১৪৭)।২০০৭ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৮৭তম। অর্থাত্ তিন বছরের ব্যবধানে বাংলাদেশের এ ক্ষেত্রে খানিকটা অগ্রগতি হয়েছে, যা দেশটির পণ্য বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হয়েছে।নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এ তালিকার প্রথম পাঁচটি দেশ হলো ভিয়েতনাম (৫৩), সেনেগাল (৫৮), উগান্ডা (৬৬), উজবেকিস্তান (৬৮) ও বেনিন (৬৯)।শুধু তাই নয়, উচ্চ আয়ের দেশগুলো বাদ দিলে যে ১০টি দেশ আগের তুলনায় সবচেয়ে ভালো করেছে, তাদের মধ্যেও বাংলাদেশ আছে। বাকি দেশগুলো হলো চীন (২৭), দক্ষিণ আফ্রিকা (২৮), থাইল্যান্ড (৩৫), ফিলিপাইন (৪৪), ভারত (৪৭), উগান্ডা (৬৬), কঙ্গো (৮৫) ও মাদাগাস্কার (৮৮)।