আট মাস পর রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে
টানা আট মাস লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার পর অবশেষে দেশের পণ্য রপ্তানি আয় ইতিবাচক ধারায় ফিরেছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, গত জুলাই মাসে ২৩৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় ২৪৩ কোটি ডলার। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৩ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ২৬ শতাংশ বেশি।আলোচ্য সময়ে নিট ও ওভেন পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হওয়ায় দেশের সামগ্রিক রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া চামড়াজাত পণ্য, পাটের সুতা, মসলা, পাদুকা, লোহা-স্টিল, হস্তজাত পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।ইপিবি জানায়, চলতি ২০১২-১৩ অর্থবছরের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে নিট ও ওভেন পোশাক খাতের বার্ষিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে এক হাজার ৬১ কোটি ও এক হাজার ৯২ কোটি ডলার। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮ কোটি ডলার।বিদায়ী ২০১১-১২ অর্থবছরের দুই হাজার ৬৫০ কোটি ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় দুই হাজার ৪২৮ কোটি ৭৬ লাখ ডলার। বছর শেষে রপ্তানি প্রবৃদ্ধি হয় ৫ দশমিক ৯৩ শতাংশ।ইপিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ওভেন পোশাক, শাকসবজি, তামাক, কাট ফ্লাওয়ার, মসলা, শুকনো খাবার, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, কাগজ ও কাগজজাত পণ্য, পাটের সুতা, পাদুকা, লোহা-স্টিল প্রভৃতি খাতে।তবে পাট ও পাটজাত পণ্য, চা, প্লাস্টিক পণ্য, রাবার, কাঠ ও কাঠজাত পণ্য, ইলেকট্রিক পণ্য, হোম টেক্সটাইল, আসবাব প্রভৃতি পণ্যের রপ্তানি আয় আগের বছরের চেয়ে বাড়লেও এবারের লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম মাসে হিমায়িত খাদ্য ও মাছ, রাসায়নিক পণ্য, চামড়া, তুলা ও তুলাজাত পণ্য, কাঁচা পাট, পাটের বস্তা ও ব্যাগ, টেরিটাওয়েল, সিরামিক পণ্য, প্রকৌশল পণ্য, বাইসাইকেল, জাহাজ প্রভৃতি পণ্যের লক্ষ্যমাত্রার পাশাপাশি আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় হ্রাস পেয়েছে। ইপিবির পরিসংখ্যান অনুসারে, চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে নিট পোশাক খাত। দ্বিতীয় স্থানে রয়েছে ওভেন পোশাক খাত। নিট পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১০০ কোটি ১০ লাখ ডলার, যা ৮৯ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৪৬ শতাংশ বেশি। তবে তা আগের বছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৬৮ শতাংশ কম।অন্যদিকে ওভেন পোশাকে রপ্তানি আয় হয়েছে ৯৯ কোটি ৩৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের ৮৮ কোটি ৮০ লাখ ডলারের চেয়ে ১১ দশমিক ৯২ শতাংশ বেশি। আবার তা ৯১ কোটি ৬৭ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৪১ শতাংশ বেশি।এ বিষয়ে এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘এই অর্জনকে স্বাভাবিক বলা যাবে না। কারণ বিশ্বে মন্দা অব্যাহত আছে। তবে এটি ধরে রাখতে হলে সরকারকে নীতি-সহায়তা দিতে হবে।’ আলোচ্য সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে নয় কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে সাত কোটি ৮৫ লাখ ডলার আয় হয়। এ ছাড়া কাঁচা পাট, পাটের সুতা এবং পাটের বস্তা ও ব্যাগ রপ্তানিতে যথাক্রমে এক কোটি ২৬ লাখ, চার কোটি ৭৭ লাখ ও এক কোটি ৩০ লাখ ডলার আয় হয়।চলতি অর্থবছরের প্রথম মাসে পাঁচ কোটি ১৪ লাখ ডলারের কৃষিজাত পণ্য, দুই কোটি ৮৭ লাখ ডলারের চামড়া, এক কোটি ৩১ লাখ ডলারের চামড়াজাত পণ্য, চার কোটি ২৩ লাখ ডলারের চিংড়ি, আট কোটি ১৮ লাখ ডলারের হোম টেক্সটাইল, চার কোটি ২০ লাখ ডলারের পাদুকা এবং দুই কোটি ৪২ লাখ ডলারের প্রকৌশল পণ্য রপ্তানি হয়েছে।