আট মাস পরে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ঢাকার বাজারে প্রায় ৮১৫ কোটি টাকার লেনদেন হয়। চলতি বছর ও গত সাড়ে আট মাসের মধ্যে এটিই সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। সর্বশেষ গত বছরের ৩ অক্টোবর ঢাকার বাজারে প্রায় এক হাজার ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় আড়াই শতাংশ বা ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে
চার হাজার ১৮০ পয়েন্টে। সাধারণ সূচক ২ শতাংশ বা ৮৬ পয়েন্ট বেড়ে হয়েছে প্রায় চার হাজার ৩৮৬ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২ দশমিক ৪১ শতাংশ বা ৩০৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১২ হাজার ৯৬০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৫৯ কোটি টাকার।
ডিএসইর নতুন নেতৃত্ব নির্বাচনের পরের দিনই লেনদেন ও সূচকের এমন উত্থান ঘটেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, বাজারে বাজেট-পরবর্তী একটি প্রভাব তো রয়েছেই। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে চার সিটি করপোরেশন ও ডিএসইর নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়। ডিএসইর নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সংস্থাটির মধ্যে ঐকমত্য না হলেও নির্বাচিত নেতৃত্বকে বিনিয়োগকারীরা ভালোভাবেই গ্রহণ করেছেন। বাজারের আচরণ দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হওয়ায় রাজনৈতিক অস্থিরতা তৈরির যে শঙ্কা ছিল, সেটিও দূর হয়েছে। এটি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হয়েছে।
মোহাম্মদ মূসা আরও বলেন, গতকাল ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। কয়েক দিন ধরেই লেনদেন একটি ভালো অবস্থায় রয়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক দিক।
কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, খাতভিত্তিক লেনদেনে রোববার ঢাকার বাজারে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪১ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশের বেশি। আর একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল বহুজাতিক কোম্পানি রেনেটা। দিন শেষে এই কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৫ শতাংশ।

ঢাকার বাজারে গতকাল ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৬টিরই দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম। দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে ২২২ কোটি টাকা বেড়েছে।

চট্টগ্রামে এদিন ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮১টিরই দাম বেড়েছে, কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেড়েছে।