আট মাসে প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও প্রবাসী আয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গেল ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ৯৩ কোটি ৬২ লাখ ডলার। আগের বছরের ফেব্রুয়ারিতে এসেছিল ১১৩ কোটি ৬২ লাখ ডলার। সে হিসেবে প্রবাসী আয় কমেছে ১৭ দশমিক ৬০ শতাংশ। একইভাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) হিসেবেও প্রবাসী আয় কমেছে ১৭ শতাংশ। গত বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
ফেব্রুয়ারি মাসে আসা প্রবাসী আয় ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১১ সালের নভেম্বরে এসেছিল ৯০ কোটি ডলার।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম এ বিষয়ে বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রবাসী আয়ের বড় অংশ আসছে মধ্যপ্রাচ্য থেকে। এসব দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তেলের দামও সেভাবে বাড়েনি, ফলে বাজেট ঘাটতি হয়েছে। এ কারণে সেখানে কর্মরত শ্রমিকদের আয় কমে গেছে। অনেকের বেতনও কমে গেছে, চাকরিও হারিয়েছে কেউ কেউ। এ কারণে প্রবাসী আয় কমে গেছে।’
মির্জ্জা আজিজ বলেন, বাংলাদেশে প্রবাসী আয় যা দেখানো হচ্ছে তার চেয়ে আসছে অনেক বেশি, তবে তা হুন্ডির মাধ্যমে। ব্যাংকের সঙ্গে খোলাবাজারে ডলারের দামের পার্থক্য বেশি হওয়ায় হুন্ডিকে বেছে নিচ্ছে অনেকে। এটা কীভাবে কমিয়ে আনা যায়, এ জন্য বাংলাদেশ ব্যাংককে দ্রুত উদ্যোগ নিতে হবে। না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ৮১১ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় আসে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৯৭৭ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের ৮ মাসে আয় কমেছে ১৭ শতাংশ।
গেল ফেব্রুয়ারিতে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৭ কোটি ৮০ লাখ ডলার, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫৪ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৭ লাখ ডলার।
২০১৬ সালেও প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়। যদিও ২০১৫ সালে এসেছিল ১ হাজার ৫৩২ কোটি ডলার। সে হিসেবে গত বছরে প্রবাসী আয় ছিল আগের বছরের তুলনায় ১১ দশমিক ১৬ শতাংশ কম।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দেশে ব্যাংকিং চ্যানেল ও খোলা বাজারে মার্কিন ডলারের দামের পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকার বেশি। বেশি টাকার আশায় অনেকেই অবৈধ পথকে বেছে নিচ্ছেন। এ কারণে সম্প্রতি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন ও উত্তোলনসীমা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড, ইউরো, মালয়েশিয়ান রিংগিত, সিঙ্গাপুর ডলার প্রভৃতি মুদ্রার মূল্যমান কমে গেছে। ফলে এসব দেশের শ্রমিকদের আয়ের বিপরীতে বাংলাদেশি টাকা কম পাওয়া যাচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের দাম কমায় শ্রমিকদের আয় কমে গেছে। আবার কয়েকটি দেশ থেকে বিকাশের নাম ব্যবহার করে অবৈধ পথে টাকা গ্রহণ করার খবর পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসী আয় বা রেমিট্যান্স কমে গেছে। এরই মধ্যে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে অবৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোয় ২৫ দোকানকে জরিমানা করেছে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগ। এসব দোকান ‘বিকাশ’ নামে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে কম খরচে বাংলাদেশে টাকা পাঠানোর সুযোগ দিয়েছিল।
রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক পতনে কেন্দ্রীয় ব্যাংকও উদ্বিগ্ন। সম্প্রতি কয়েক দফায় ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের দুটি প্রতিনিধিদল মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সরেজমিনে তদন্তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিকাশ নেটওয়ার্ক ব্যবহার করে যাতে অবৈধ পথে আসা বৈদেশিক মুদ্রা বিতরণ না করা হয়, সে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর সহায়তা চেয়েছে বিকাশ।