আট মাসে বিদেশি সহায়তা সাড়ে ৩৭ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিদেশি সাহায্যপ্রবাহে তেমন কোনো অগ্রগতি নেই। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ঋণ ও অনুদান মিলিয়ে প্রকৃত সাহায্য এসেছে মাত্র ৩৭ কোটি ৩৬ লাখ ডলার।প্রকৃত সাহায্যের পরিমাণটি হিসাব করা হয়েছে এই সময়কালে প্রাপ্ত মোট বিদেশি-সহায়তা থেকে এই সময়কালে বিভিন্ন মেয়াদি বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করার পরিমাণ বাদ দিয়ে।অবশ্য গত ২০০৯-১০ অর্থবছরের প্রথম সাত মাসে প্রকৃত বিদেশি সাহায্যের পরিমাণ ছিল ৩৬ কোটি ডলার বা দুই হাজার ৫২০ কোটি টাকা।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। জুলাই-ফেব্রুয়ারি সময়কালে দাতা দেশ ও সংস্থাগুলো ঋণ ও অনুদান মিলিয়ে মোট ৯৫ কোটি ৯২ লাখ ডলার ছাড় করেছে। এর মধ্যে ঋণের পরিমাণ ৬৭ কোটি ডলার আর অনুদান হিসেবে পাওয়া গেছে ২৮ কোটি ডলার। একই সময়ে আগে গৃহীত ঋণের আসল ও সুদসহ মোট পরিশোধ করা হয়েছে সাড়ে ৫৮ কোটি ডলার। এর মধ্যে আসল বাবদ ৪৬ কোটি ডলার আর সুদের কিস্তি হিসেবে পরিশোধ করা হয়েছে সাড়ে ১২ কোটি ডলার।ইআরডি সূত্রে জানা গেছে, গত বছর একই সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে মোট ১৪৩ কোটি ডলার দিয়েছিল দাতা সংস্থা ও দেশগুলো। এর মধ্যে ঋণ বাবদ ১২০ কোটি ডলার আর অনুদান বাবদ ৩৩ কোটি ডলার পাওয়া যায়। আবার গত অর্থবছরের একই সময়ে ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ৬০ কোটি ডলারের মতো পরিশোধ করতে হয়েছিল। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে সবচেয়ে বেশি ৩৪ কোটি ডলার অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ছাড়া বিশ্বব্যাংক সাড়ে ২৫ কোটি ডলার, যুক্তরাজ্যের দাতা সংস্থা ডিএফআইডি পাঁচ কোটি ডলার, জাপান তিন কোটি ডলার এবং দক্ষিণ কোরিয়া তিন কোটি ডলার দিয়েছে।এ ছাড়া অনুদান হিসেবে বিশ্বব্যাংক ছয় কোটি ডলার, বিশ্ব খাদ্য কর্মসূচি সাড়ে পাঁচ কোটি ডলার এবং এডিবি দেড় কোটি ডলার দিয়েছে। সাধারণত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশি সহায়তা ব্যবহার হয়। কিন্তু চলতি ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আশানুরূপ বিদেশি সহায়তা ব্যবহার করা যাচ্ছে না। বিদেশি সহায়তা ব্যবহার করতে না পারায় সংশোধিত এডিপিতে এর পরিমাণ ১২ হাজার ৩০০ কোটি টাকা থেকে কমিয়ে ১১ হাজার ৯৩০ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।