আট শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনে এডিপি দ্বিগুণ করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এক বছর পার হয়ে গেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার ছয় মাস পর চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্য যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তারও কেটে গেছে সাত মাস। বাকি পাঁচ মাস এবং পরবর্তী চার অর্থবছর অর্থাত্ সরকারের পুরো পাঁচ বছরের মেয়াদকালে নির্বাচনী ইশতেহারে ২০২১ সাল পর্যন্ত ঘোষিত রূপকল্প বাস্তবায়নের একটি খণ্ডচিত্র সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরা হয়েছে।প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা ‘সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনীতির গতি-প্রকৃতি (জুলাই-ডিসেম্বর ২০০৯)’ শীর্ষক এই চিত্রে ‘রূপকল্প বাস্তবায়ন: কোন পথে?’—নামে একটি অধ্যায়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে চলতি অর্থবছরসহ ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি, রাজস্ব আয়, কর-রাজস্ব, সরকারি ব্যয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।অর্থমন্ত্রী এর নাম দিয়েছেন ‘অর্থনৈতিক লক্ষ্যমাত্রা’। রূপকল্প বাস্তবায়নে বর্তমান সরকারের মেয়াদকালে কী পদক্ষেপ নেওয়া যায় তার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এতে। এগুলো হলো এডিপি বরাদ্দ দ্বিগুণ করা, কর রাজস্ব জিডিপির ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বেশি সহায়তা প্রাপ্তি এবং সার্বিক বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা। এতে বলা হয়, রূপকল্পের স্বপ্ন অনুযায়ী ২০১৩-১৪ সালের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশ এবং ২০১৭ সাল নাগাদ ১০ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব। এ লক্ষ্যে পৌঁছাতে হলে জিডিপির তুলনায় বিনিয়োগের হারকে বর্তমানের ২৪ থেকে বাড়িয়ে ৩৬ শতাংশে উন্নীত করতে হবে। প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজস্ব আদায়ের মাধ্যমে জিডিপির চার শতাংশ বিনিয়োগ বাড়ানো সম্ভব। তবে বাকি আট শতাংশ বিনিয়োগ আসতে পারে এফডিআই ও সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে। তবে অর্থমন্ত্রী এ-ও জানান, শুধু ভৌত পুঁজি উন্নয়নই যথেষ্ট নয়, দরকার বিনিয়োগকে টেকসই করা। আর তা করতে হলে দরকার গুণগত ও বিজ্ঞানমুখী শিক্ষানীতি বাস্তবায়ন এবং মানব সম্পদ ও সামাজিক পুঁজির উন্নয়ন।রূপকল্প বাস্তবায়নে পরিবেশবান্ধব উন্নয়নকেও অন্যতম নির্ণায়ক হিসেবে বিবেচনা করেন অর্থমন্ত্রী। একে বলা হচ্ছে ‘সবুজ উন্নয়ন’। এ উন্নয়নের মধ্যে রয়েছে সামাজিক বনায়ন, বাঁধ নির্মাণ ও নদী খনন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিবেচনায় রেখে সবুজ উন্নয়ন ঘটাতে হবে বলে রূপকল্পে উল্লেখ করেন অর্থমন্ত্রী। রূপকল্পে আরও রয়েছে জনপ্রশাসনের পুনর্গঠন, সবক্ষেত্রে ডিজিটালাইজেশন এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার সুযোগ নিয়ে প্রবৃদ্ধিকে বেগবান করা। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘যেভাবে চলছে, সেভাবে চললেও বলা যেতে পারে বর্তমান সরকারের মেয়াদকালেই জিডিপির প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত হওয়া সম্ভব। তবে এ জন্য কর রাজস্ব অনুপাত বাড়ানো, অবকাঠামো খাত ও বন্দর ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে।’ জায়েদ বখত মনে করেন, রূপকল্প বাস্তবায়নে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখার চিন্তা করার দরকার নেই। বাজেট ঘাটতি বর্তমানে সহনীয় পর্যায়েই রয়েছে। বরং টাকা খরচ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার। এত কথা বলার পরও ছয় মাসের এডিপি বাস্তবায়নের হার ওই ২৯ শতাংশই। জায়েদ বখত বলেন, বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব। এটা নিয়ে ভাবতে হবে বেশি। টাকা আসছে কিন্তু খরচের দক্ষতা দরকার। নইলে ঘূর্ণিঝড় আইলার মতো আরও বড় কোনো ঝড় এসে লন্ডভন্ড করে দিতে পারে সব।তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সুনাম রয়েছে। সেটা হচ্ছে স্বল্প মেয়াদে। দীর্ঘমেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বাংলাদেশ তেমন কিছুই দেখাতে পারেনি।