আটকা পড়েছে ৬৬ লাইটার জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মজুরি বৃদ্ধির দাবিতে ঘাট-গুদাম শ্রমিকদের একাংশ গতকাল কর্মবিরতি শুরু করেছে। কর্মবিরতির কারণে চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৪টি বেসরকারি ঘাটের মধ্যে নয়টিতে কাজ বন্ধ থাকার খবর পাওয়া গেছে। ঘাটে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকায় কর্ণফুলী নদীতে আটকা পড়েছে ৬৬টি লাইটার জাহাজ। এসব জাহাজে খালাসের অপেক্ষায় আছে ৮৫ হাজার টন গম, মটর ডাল ও সার।
জানা গেছে, গতকাল রোববার সকাল ছয়টা থেকে ‘ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম কমিটি’র ব্যানারে কর্মবিরতির ডাক দেয় শ্রমিকদের একাংশ। মজুরি বৃদ্ধি, শ্রমিকদের জন্য চিকিৎসাকেন্দ্র চালু, আবাসন ব্যবস্থা নিশ্চিত করাসহ নয় দফা দাবিতে এ কর্মবিরতির ডাক দেন শ্রমিকেরা।
জানতে চাইলে সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. ইদরিস আলী প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি
অনুযায়ী এ বছর জানুয়ারিতে ২০ শতাংশ মজুরি বাড়ানোর কথা। কিন্তু গত ১০ মাসেও তা কার্যকর না করায় এখন ৫০ শতাংশ মজুরি
বাড়ানোর দাবিতে এ কর্মবিরতি শুরু হয়েছে।
জানতে চাইলে ঘাট ঠিকাদার সমিতির সভাপতি মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘যারা কর্মবিরতি ডেকেছে তারা বহিরাগত। ঘাট-গুদাম শ্রমিকদের মূল সংগঠনের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। একাংশ কর্মবিরতি ডাকলেও পাঁচটি ঘাটে পণ্য খালাস চলছে।’
জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে ছোট জাহাজে বোঝাই করা হয়। এরপর ছোট জাহাজ কর্ণফুলী নদীতে এসব ঘাটে পণ্য খালাস করে। ঘাট শ্রমিকেরা জাহাজ থেকে পণ্য নিয়ে ট্রাকে বা গুদামে বোঝাই করে। এসব ছোট জাহাজ লাইটার জাহাজ নামে পরিচিত।
ঘাট-গুদাম শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোসহ দাবি আদায়ে আন্দোলন করে আসছি। ডিসেম্বরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যারা আলোচনা ছাড়া কর্মবিরতি ডেকেছে তারা শ্রমিকদের মূল সংগঠন নয়।