আটকা পড়ছে হ্যানজিনের কনটেইনার

দক্ষিণ কোরিয়ার জাহাজ কোম্পানি ‘হ্যানজিন শিপিং’ দেউলিয়া হয়ে পড়ার ঢেউ এসে পড়েছে বাংলাদেশেও। বিশ্বের বিভিন্ন বন্দরে চট্টগ্রামমুখী অসংখ্য কনটেইনার আটকা পড়েছে। ফলে রপ্তানি পণ্যের কাঁচামাল পাওয়া নিয়ে শঙ্কায় আছেন আমদানিকারকেরা।
সম্প্রতি বিশ্বের বড় জাহাজ কোম্পানি হ্যানজিন শিপিং দেউলিয়া হয়ে পড়ার পর এর মালিকানাধীন ও পরিচালনাধীন বিভিন্ন জাহাজ ও কনটেইনার আটক করতে থাকে বিশ্বের বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে ‘হ্যানজিন রোম’ নামে পাঁচ হাজার কনটেইনারবাহী জাহাজ আটক করেছে সিঙ্গাপুর বন্দর। হ্যানজিনের জাহাজ ও কনটেইনার ওঠানো-নামানোর মাশুল পাওয়া যাবে না বলে বন্দরগুলো এসব কনটেইনার আটক করে রাখছে। এই তালিকায় চট্টগ্রামমুখী কত কনটেইনার আটকা পড়েছে, তার হিসাব পাওয়া যায়নি।
বন্দরের জাহাজ আসা-যাওয়ার তালিকায় দেখা যায়, বাংলাদেশের জলসীমায় হ্যানজিন শিপিংয়ের দুটি জাহাজও রয়েছে। বন্দরের বহির্নোঙরে এবং কুতুবদিয়ায় দাঁড়িয়ে থাকা এ জাহাজ দুটি হলো হ্যানজিন হোচিমিন ও এসএফএল ইউরোপা। জাহাজ দুটিতে পণ্যভর্তি ১ হাজার ৪২৪ কনটেইনার রয়েছে।
বন্দরের পরিচালক গোলাম ছরওয়ার গতকাল বৃহস্পতিবার বলেন, আমদানি পণ্য না পেলে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে জাহাজ থেকে কনটেইনার নামানোর সিদ্ধান্ত হয়েছে। এতে অন্তত দেশের আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন না।
হ্যানজিনের জাহাজ ছাড়াও অন্য বিদেশি কোম্পানিগুলোর পরিচালনাধীন জাহাজেও হ্যানজিনের মালিকানাধীন কনটেইনার রয়েছে। হুন্দাই প্রোগ্রেস জাহাজে হ্যানজিনের মালিকানাধীন ৮০টির মতো পণ্যভর্তি কনটেইনার রয়েছে। জাহাজের স্থানীয় প্রতিনিধি এসএইচআর গ্রুপের নির্বাহী পরিচালক গোলাম মইনুদ্দিন প্রথম আলোকে বলেন, বন্দর কর্তৃপক্ষ জাহাজ থেকে হ্যানজিনের মালিকানাধীন পণ্যভর্তি কনটেইনার নামানোর সুযোগ দিচ্ছে। দেশের স্বার্থে এটি খুবই ভালো উদ্যোগ।
জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, বন্দর চত্বরে হ্যানজিনের মালিকানাধীন ৬৮০ একক কনটেইনারে পণ্য রয়েছে। বন্দরে আসার পথে রয়েছে আরও ৬৮০ কনটেইনার। বিভিন্ন বন্দরে আটক থাকা চট্টগ্রামমুখী কনটেইনার আনা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম বলেন, ‘তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে হ্যানজিনের কনটেইনারে করে একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল আসার কথা। এই কাঁচামালবাহী কনটেইনার যদি বন্দরের জলসীমায় না আসে, তাহলে বিপদে পড়ব।’
প্রসঙ্গত, বাংলাদেশে কর্ণফুলী গ্রুপের সঙ্গে যৌথ অংশীদারত্বে ‘হ্যানজিন শিপিং বাংলাদেশ লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করছিল হ্যানজিন শিপিং।