পুঁজিবাজারে প্রভাবশালী ১২ তফসিলি ব্যাংকের সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানের (মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস) শেয়ারবাজারে নতুন বিনিয়োগের আপাতত কোনো সুযোগ নেই। কেননা, মূল কোম্পানি অর্থাৎ ব্যাংক থেকে এরই মধ্যে সীমা অতিরিক্ত ঋণ গ্রহণ করায় তা এখন মাসভিত্তিতে এই ১২ মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসকে ক্রমশ কমিয়ে আনতে হচ্ছে। ফলে এই দায় পরিশোধ করতেই প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে যে সংশ্লিষ্টতা তৈরি হয়েছে তা কমিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান ও সর্বশেষ বেঁধে দেওয়া সময়সীমার সঙ্গে জুনভিত্তিক ব্যাংকগুলোর শেয়ারবাজারে সংশ্লিষ্টতা এবং মার্চভিত্তিক মোট মূলধনের তথ্য-উপাত্ত বিশ্লেষণে এ হিসাব পাওয়া গেছে। প্রসঙ্গত, শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে এমন সব তফসিলি ব্যাংকের এখন সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠান গঠিত হয়েছে। ফলে ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ দুইভাবে হিসাব করা হচ্ছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে ব্যাংকের শেয়ারবাজারে নিজস্ব পোর্টফোলিও বিনিয়োগ বা এ খাতে কোনো ঋণ দিলে অথবা কোনো ঋণের বিপরীতে শেয়ার জমা রাখলে তার সমষ্টিগত পরিমাণ হতে পারবে মোট দায়ের (আমানত) সর্বোচ্চ ১০ শতাংশ। চলতি বছরের জুনভিত্তিক হিসাবে দেখা গেছে, একটি ব্যাংক বাদে সব ব্যাংকেরই শেয়ারবাজারে সংশ্লিষ্টতা ১০ শতাংশের নিচে রয়েছে। ব্যাংক খাতে গড়ে শেয়ারবাজারে সংশ্লিষ্টতা এখন মোট দায়ের মাত্র ৩ দশমিক ৫২ শতাংশ। ফলে আইনি সীমার মধ্যে থেকেই ব্যাংকগুলো এখন শেয়ারবাজারে নতুন বিনিয়োগ করতে পারে সেই সুযোগ রয়েছে। কিন্তু নিয়ম অনুসারে নিজস্ব সাবসিডিয়ারি বা পৃথক সত্তার প্রতিষ্ঠানে ঋণ দিয়ে সেই টাকা শেয়ারে বিনিয়োগ করা হলে সেই ঋণের হিসাব হবে একক গ্রহীতার কাছে বিতরণ করা ঋণসীমার বিধান দিয়ে। সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিধান হচ্ছে, কোনো একক গ্রহীতাকে কোনো ব্যাংক তার মোট মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ (ফান্ডেড) পর্যন্ত ঋণ দিতে পারবে। মোট মূলধন বলতে পরিশোধিত মূলধন ও মজুদকে (টায়ার-১ ও ২ ক্যাপিটাল মিলে) হিসাবে নেওয়া হয়।প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুনভিত্তিতে যেসব ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে ইতিমধ্যেই সীমা অতিরিক্ত ঋণ দেওয়া হয়েছে, সেগুলো হলো: শাহজালাল ইসলামী ব্যাংক (৪৬ দশমিক ৮৭ শতাংশ), মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (৪৩ দশমিক ২১ শতাংশ), ব্যাংক এশিয়া (৩৮ দশমিক ১৩ শতাংশ), প্রিমিয়ার ব্যাংক (২৫ দশমিক ৬২ শতাংশ), কমার্স ব্যাংক (২৫ দশমিক ৫৫ শতাংশ), এনসিসিবিএল (২৩ দশমিক ৭৭ শতাংশ), দ্য সিটি ব্যাংক (২৩ দশমিক ৪৯ শতাংশ), ন্যাশনাল ব্যাংক (২৩ দশমিক ০১ শতাংশ), আইএফআইসি ব্যাংক (১৮ দশমিক ০১ শতাংশ), স্ট্যান্ডার্ড ব্যাংক (১৭ দশমিক ৮৭ শতাংশ), ঢাকা ব্যাংক (১৬ দশমিক ৭৪ শতাংশ) ও প্রাইম ব্যাংক (১৫ দশমিক ০৯ শতাংশ)। ফলে এই ব্যাংকগুলোর সহযোগী প্রতিষ্ঠানের আপাতত শেয়ারে নতুন বিনিয়োগের সুযোগ নেই। কেননা, তাদের মূল কোম্পানি অর্থাৎ ব্যাংককে ঋণ পরিশোধ করতে হবে।এর বাইরে আরও চারটি ব্যাংকের নিজস্ব সহযোগী প্রতিষ্ঠানে দেওয়া ঋণের পরিমাণ প্রায় ১৫ শতাংশের কাছাকাছি। এগুলো হলো: যমুনা ব্যাংক (১৪ দশমিক ৭৮ শতাংশ), সাউথইস্ট ব্যাংক (১৪ দশমিক ৪০ শতাংশ), প্রতিরক্ষা বাহিনীর দ্য ট্রাস্ট ব্যাংক (১৪ দশমিক ১৬ শতাংশ) ও ব্র্যাক ব্যাংক (১৪ দশমিক ১৫ শতাংশ)। ফলে এসব মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসগুলোরও নতুন বিনিয়োগের সুযোগ খুবই সামান্য।উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দেশের শেয়ারবাজার যখন অতিমূল্যায়িত হতে শুরু করে, তখন থেকেই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে শেয়ারবাজারে সংশ্লিষ্টতা কমাতে নানা পদক্ষেপ নেয়। কিন্তু, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বিনিয়োগকারীদের চাপ এবং রাজনৈতিক প্রভাবে বাংলাদেশ ব্যাংক বারবার ছাড় দিয়েছে। তবে অনেক চড়াই-উতরায় পার করে ঝুঁকিপূর্ণ শেয়ারবাজার থেকে ব্যাংকের আমানত রক্ষা করতে একটা নিরাপত্তা বেষ্টনী হিসাবে ব্যাংকগুলোগুলোকে দিয়ে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন করানো হয়। কিন্তু, এর আগেই শেয়ারবাজারে ব্যাংকগুলোর যে সংশ্লিষ্টতা তৈরি হয়েছিল তার একটা অংশ এই সহযোগী প্রতিষ্ঠানে এখন ঋণ হিসাবে দেখানো হচ্ছে। আরও একটা অংশ রাখা হয়েছে ব্যাংকের নিজস্ব পোর্টফোলিও বিনিয়োগ হিসেবে। আবার সহযোগী প্রতিষ্ঠান গঠিত হলেও বাজারে যখন ধস নামে তখন এসব প্রতিষ্ঠানে দেওয়া ব্যাংকের ঋণ একক গ্রহীতার সীমায় নামিয়ে আনতে দফায় দফায় সময় বাড়াতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। সর্বশেষ সময় বেঁধে দেওয়া আছে আগামী ডিসেম্বর পর্যন্ত।