আটকে গেছে নিত্য পণ্যের আমদানি ও জোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের ট্রাক মালিকেরা লাগাতার হরতাল চলাকালে হামলার ভয়ে পণ্য পরিবহনে ট্রাক ভাড়া না দেওয়ায় আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। কিছু ব্যবসায়ী ঝুঁকি নিয়ে রাতে পণ্য পরিবহন করলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এতে করে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্দরের ট্রাক মালিক হায়াত মোহামঞ্চদ সেরেগুল বলেন, হরতালের প্রথম রাতে হিলি বন্দর থেকে পণ্য নিয়ে ঢাকা যাওয়ার পথে বগুড়ার ঝোপগাড়ি এলাকায় হরতাল-সমর্থকেরা ট্রাকে ইট ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের কাচ ভেঙে যায় এবং চালক ও সহকারী আহত হন। যে টাকায় ভাড়া নিয়ে যাওয়া হচ্ছিল, তার চেয়ে ট্রাক মেরামত ও চালকের চিকিৎসার জন্য বেশি ব্যয় হয়েছে। এসব কারণে ট্রাক ভাড়া দেওয়া হচ্ছে না। ট্রাকের মালিক রানা মিয়া জানান, ৪০ বস্তা গম নিয়ে রংপুরগামী একটি ট্রাক মিঠাপুকুরে পৌঁছলে তাতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এতে ৪০ বস্তা গম ও ট্রাকের কেবিন পুড়ে যায়। একাধিক ট্রাক মালিক জানান, বিভিন্ন সড়কে ট্রাক ভাঙচুর ও চালকের ওপর হামলা হওয়ায় হরতালের মধ্যে তাঁরা ট্রাক ভাড়া দিচ্ছেন না। এদিকে বন্দরের আমদানিকারক মোবারক হোসেন বলেন, হরতালের মধ্যে দেশের কোথাও পেঁয়াজ পাঠাতে ট্রাক ভাড়া না পাওয়ায় হরতালের এই কয়েক দিন ভারত থেকে আমদানি বন্ধ রাখা হয়েছে। আমদানিকারক ওবায়দুর রহমান বলেন, গত সোমবার ১০টি ট্রাকে করে ২০০ মেট্রিক টন গম দেশে আমদানি হয়ে আসে। কিন্তু হরতালের মধ্যে ট্রাক ভাড়া না পাওয়ায় ট্রাক থেকে গম খালাস করা যায়নি। ফলে বন্দরের বেসরকারি ওয়্যার হাউসে রাখার কারণে এর মাশুল চার্জ ছাড়াও প্রতিদিন ভারতীয় ট্রাক ভাড়া গুনতে হচ্ছে অতিরিক্ত ৭০০ রুপি করে। আরেক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ২৫ হাজার টাকায় ট্রাক ভাড়া নিয়ে ঢাকায় ভুট্টা পাঠানো হয়েছে। আগে এই ট্রাক ১৬-১৭ হাজার টাকায় ভাড়া পাওয়া যেত। এ কারণে পণ্যের দাম বাড়ছে। ভারত থেকে বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি হয়, সেগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, গম, ভুট্টা, পান, খৈলসহ বিভিন্ন পণ্য। আর বাংলাদেশ থেকে ভারত শুধু চিটাগুড় আমদানি করে থাকে। হরতালের আগে গড়ে প্রতিদিন দেড় শ ট্রাক বন্দরে আসত। এখন তা কমে দাঁড়িয়েছে ৫০-৬০টিতে।