আটকে গেল ব্যাংকের লভ্যাংশ বিতরণ

এবার ব্যাংকের লভ্যাংশ বিতরণ আটকে দিল বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো ২০১৯ সালের নগদ মুনাফা চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করতে পারবে না। এ ছাড়া কোন ব্যাংক কী পরিমাণ মুনাফা দিতে পারবে, তা-ও নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, যারা ইতিমধ্যে মুনাফা ঘোষণা করেছে, তা এই নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে দ্রুত স্থগিত করে সংশোধন করতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী যেসব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো বিলম্বে সংরক্ষণের সুবিধা নেয়নি এবং সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে সম্ভব হবে, তারা সর্বোচ্চ ৩০ শতাংশ মুনাফা দিতে পারবে, এর মধ্যে ১৫ শতাংশ নগদ। এসব ব্যাংকের ক্যাপিটাল কনজারভেশন বাফার আড়াই শতাংশ হতে হবে।
একইভাবে যারা কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো সুবিধা নেওয়া ছাড়া ক্যাপিটাল কনজারভেশন বাফারসহ ১১ দশমিক ২৫ শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশ মূলধন সংরক্ষণ করতে পারবে, তারা ১৫ শতাংশ মুনাফা দিতে পারেবে, এর মধ্যে নগদ সাড়ে ৭ শতাংশ। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া সুবিধা সমন্বয় হয়ে গেলে ও ক্যাপিটাল কনভারভেশন বাফারসহ মূলধন ১১ দশমিক ২৫ শতাংশের বেশি হলে সর্বোচ্চ ১০ শতাংশ মুনাফা দিতে পারবে, সে ক্ষেত্রে ৫ শতাংশ নগদ।
আর কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া সুবিধা সমন্বয় হয়ে গেলে ও ন্যূনতম সংরক্ষিত মূলধন ১০ শতাংশ হলে ৫ শতাংশ স্টক মুনাফা দিতে পারবে। তবে মুনাফা ঘোষণার আগে প্রতিটি ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
ব্যাংক কর্মকর্তারা জানান, এই নির্দেশনার ফলে ইসলামি ধারার বেশির ভাগ ব্যাংক ও প্রচলিত ধারার কমপক্ষে ১০টি ব্যাংক মুনাফা দিতে পারবে না। কারণ, এসব ব্যাংক নিরাপত্তা সঞ্চিতি রাখতে না পেরে প্রতিবছরই কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ সুবিধা নেয়। এবারও একই সুবিধা নিয়েছে, কেউ নেওয়ার প্রক্রিয়ায় আছে।
বাংলাদেশ ব্যাংক এত দিন বিশেষ বিবেচনায় লভ্যাংশ বিতরণের সুযোগ দিয়েছিল। এবার করোনাভাইরাসের কারণে হঠাৎ করেই তা বন্ধ করে দিল। এর ফলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন। কারণ, ব্যাংকের শেয়ারের ৬০ শতাংশই সাধারণ বিনিয়োগকারীদের হাতে।