মংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ২ হাজার ৭৯টি রিকন্ডিশন্ড গাড়ি বন্দর থেকে অপসারণ করে পুলিশের তত্ত্বাবধানে রাখার সিদ্ধান্ত হয়েছে। এই কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের সভাপতিত্বে ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, আটকে থাকা গাড়ির মধ্যে ব্যবহার উপযোগী গাড়ি নিতে আগ্রহ দেখিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। একই সঙ্গে বলেছেন যে ব্যবহারের অনুপযোগী কোনো গাড়ি পুলিশ নেবে না। পরে সভায় সিদ্ধান্ত হয়, পুলিশ যেসব গাড়ি ব্যবহার করতে চায় সেগুলো ৩১ অক্টোবরের মধ্যেই নিজেদের খরচে নিয়ে যাবে। পরে তা গাড়ির দামের সঙ্গে সমন্বয় করা হবে।
এমন সিদ্ধান্তে বিস্মিত রিকন্ডিশন্ড গাড়ির মালিকদের সংগঠন বারভিডা। সংগঠনটির নেতারা বলছেন, এই গাড়ির মধ্যে পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি যেমন আছে, তেমনি আছে নতুন গাড়িও। এসব গাড়ির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩০০ কোটি টাকা। বারভিডার নেতারা এ নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন।
বারভিডার সভাপতি আবদুল হামিদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি যে চার-পাঁচ বছরের পুরোনো গাড়ির সঙ্গে নতুন গাড়িকেও মিলিয়ে ফেলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পুলিশ গাড়ি নিলে দাম পাব কি না, তার নিশ্চয়তা আমরা সরকারের কাছ থেকে পাইনি। আবার পুলিশের তত্ত্বাবধানে রাখা হলে এসব গাড়ির যথেচ্ছ ব্যবহার হওয়ার আশঙ্কাও থাকে।’
প্রসঙ্গত, যেকোনো আমদানি পণ্যই বন্দরে পৌঁছার পর ৩০ দিনের মধ্যে খালাস করতে হয়। তা না হলে বন্দর কর্তৃপক্ষ ওই পণ্য নিলামে তোলে।
জানা যায়, ২ হাজার ৭৯টি গাড়ির মধ্যে ৫১২টি গাড়ি আমদানিনীতি মেনে আমদানি করা হয়নি। এসব গাড়ি ৫ বছরের বেশি পুরোনো হওয়ায় খালাস করতে দেওয়া হয়নি। আর ৮৮৪টি গাড়ি শুল্কায়ন মূল্য জটিলতার কারণে খালাস হয়নি। এসব গাড়ি আমদানির সময় রিকন্ডিশন্ড গাড়ির অবচয় হার ছিল ৩৫ শতাংশ। কিন্তু পরে অবচয় হার নির্ধারণ করা হয় ৪৫ শতাংশ। ফলে কম পুরোনো গাড়ির দাম বাজারে কম হয়ে যায়। তাই বেশি পুরোনো এই ৮৮৪টি গাড়ি আর খালাস হয়নি।
বাকি ৬৮৩টি গাড়ি এই বছরের মার্চের আগে আমদানি করা হয়। এগুলোর বেশির ভাগই নতুনের মতো। কিন্তু বছরের শুরুতে লাগাতার হরতাল-অবরোধের কারণে এসব গাড়ি খালাস করতে পারেননি আমদানিকারকেরা। এ নিয়ে তখন সংবাদ সম্মেলনও করেছিল বারভিডা।
বারভিডা সূত্র বলছে, গাড়ি আটকে থাকায় আমদানিকারকেরা গত বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। তাতে আমদানিনীতি না মেনে আনা ৫১২টি গাড়ি জরিমানা সাপেক্ষে খালাসের অনুমতিপত্র (ক্লিয়ারিং পারমিট-সিপি) দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। অন্য গাড়িগুলো প্রয়োজনে শুল্ক ছাড়, ভাড়া মওকুফ করে হলেও খালাসের সুযোগ দিতে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়। এরপরও এসব গাড়ি খালাস না হলে সেগুলো বাজেয়াপ্ত করে সরকারের বিভিন্ন দপ্তরে সরবরাহ করার নির্দেশনাও দেয় প্রধানমন্ত্রীর দপ্তর।
তবে মসিউর রহমানের সভাপতিত্বে এ মাসে অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরণী থেকেই নিশ্চিত হওয়া যায়, নৌপরিবহন মন্ত্রণালয় ছাড়া অন্যরা এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি। বৈঠকে উপস্থিত নৌপরিবহনসচিব বলেন, তাঁরা মংলা বন্দরের চার্জ ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এনবিআরের প্রতিনিধি জানান, অর্থমন্ত্রীর কাছে পাঠানোর জন্য একটি সারসংক্ষেপ তাঁরা তৈরি করেছেন। কিন্তু নির্দেশনার এক বছর তিন মাস পর কেন এই সারসংক্ষেপ তৈরি করা হচ্ছে তার ব্যাখ্যা তিনি দেননি। আর বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, সিপি দেওয়ার বিষয়ে তাঁরাও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিকে দেওয়ার জন্য একটি সারসংক্ষেপ তৈরি করছেন।