আটকে থাকা জাহাজ থেকে কনটেইনার নামানো শুরু
চট্টগ্রাম বন্দরে আটকে থাকা বিদেশি জাহাজ থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নামানোর কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব কনটেইনার নামানোর পর আরেকটি জাহাজে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
এদিকে, আটকে থাকা জাহাজ ‘এমভি স্টার অব লাক’-েক আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখানো হয়েছে। জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্দরের দাবি করা ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয় বন্দর কর্তৃপক্ষ।
বন্দর সূত্রে জানা গেছে, ১১ মে সকালে ‘এমভি স্টার অব লাক’ জাহাজের ধাক্কায় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর বন্দরের একটি কমিটি প্রায় ১০ কোটি টাকা ক্ষয়ক্ষতি নির্ধারণ করে। গত সোমবার এই টাকার ব্যাংক
গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জাহাজ পরিচালনাকারী সংস্থাকে।
ক্ষয়ক্ষতি নির্ধারণে সময় লাগায় জাহাজে থাকা রপ্তানি কনটেইনারও আটকে পড়ে। তবে ব্যবহারকারীদের চাপে এসব কনটেইনার গতকাল থেকে নামানোর কাজ শুরু হয়। এই জাহাজে ৫৬৩ একক রপ্তানি পণ্যভর্তি কনটেইনার রয়েছে।
জানতে চাইলে বন্দরের পরিচালক (প্রশাসন) মুহিবুল হক প্রথম আলোকে বলেন, কনটেইনার নামিয়ে আরেকটি জাহাজে তুলে দেওয়া হচ্ছে। রপ্তানি পণ্য যাতে আটকে না থাকে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।