ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারটি পরিচালক পদের নির্বাচনে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল বুধবার তাঁরা মনোনয়নপত্র জমা দেন। তবে তিনজন প্রার্থী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ছাড়পত্র পেলেও মনোনয়নপত্র জমা দেননি। উল্লেখ্য, আগামী ১৩ মার্চ ডিএসইর পরিচালনা পর্ষদের চারটি শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ১ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন ফিনিক্স সিকিউরিটিজের প্রধান নির্বাহী এ কাদের চৌধুরী, বুলবুল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহুদুল হক বুলবুল, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশীদ লালী, রয়েল গ্রিন সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল হক, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খান, মোনা ফাইন্যানশিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম, গ্লোব সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।এ ছাড়া এসইসির ছাড়পত্র পেলেও মনোনয়নপত্র জমা দেননি অ্যাসেঞ্জ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লাইনুন নাহার একরাম, শিকদার সিকিউরিটিজ লিমিটেডের শহিদুল হক শিকদার ও দিয়া সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান