চলতি অর্থবছরের (২০১৩-১৪) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেডে প্রায় ১৯ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। একই সময়ে আট ইপিজেডের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নতুন করে আট হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
ইপিজেডসমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মহাব্যবস্থাপক নাজমা বিনেত আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেপজার পক্ষ থেকে জানানো হয়েছে, গত জুলাই থেকে ডিসেম্বর সময়ে ইপিজেডে মোট ১৯ কোটি দুই লাখ মার্কিন ডলারের বিনিয়োগ এসেছে, গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ কোটি তিন লাখ মার্কিন ডলার। সেই হিসাবে বিনিয়োগের ক্ষেত্রে সাড়ে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে।
আটটি ইপিজেডের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ঢাকা ইপিজেডে, যার পরিমাণ ছয় কোটি ৩৯ লাখ ডলার। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, আদমজী, কর্ণফুলী, উত্তরা, কুমিল্লা, মংলা ও ঈশ্বরদী ইপিজেড। এসব ইপিজেডে বিনিয়োগের পরিমাণ ছিল যথাক্রমে চার কোটি ৪৯ লাখ, চার কোটি নয় লাখ, এক কোটি ৯০ লাখ, ৮৬ লাখ, ৬৫ লাখ, ৪১ লাখ ও ১৯ লাখ মার্কিন ডলার।
২০১৩ সাল শেষে দেশের সব ইপিজেডে পুঞ্জীভূত মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৭ কোটি ৫৭ লাখ ডলার।